নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০৬ ডিসেম্বর ২০২৪ ০১:২৫



বাদীকে টাকা দিয়ে মামলায় জড়ানো হয় সাংবাদিককে

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০৬ ডিসেম্বর ২০২৪ ০১:২৫

বাদীকে টাকা দিয়ে মামলায় জড়ানো হয় সাংবাদিককে

ছবি: সংগৃহিত

দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সোনাগাজী প্রতিনিধি আবুল হোসন রিপনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের এক ঘটনার মামলায় ফাঁসিয়েছে  স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতারা। মামলার বাদীকে ১০ হাজার টাকা দিয়ে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে এ মামলা দায়ের করা হয়। এ মামলায় গতকাল বৃহস্পতিবার রিপনকে গ্রেপ্তার করা হয়।

সাংবাদিক রিপনকে নোয়াখালীর সোনাগাজীর চর চান্দিয়ার গ্রামের বাড়ি থেকে ধরে নিয়ে থানায় সোপর্দ করে র্যাব। গত ১৮ নভেম্বর সেনবাগ উপজেলার লক্ষীপুর গ্রামের আবুল কাশেমের ছেলে সিএনজি চালক আবদুর রব বাদী হয়ে ১৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭০ জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন। এ মামলায় আসামি তালিকায় ৫২ নম্বরে আবুল হোসেন রিপনের নাম রয়েছে।

মামলার বাদী আবদুর রবের সঙ্গে কথা বলেন বেসরকারী টেলিভিশন ইন্ডিপেন্ডেন্ট টিভির এক সাংবাদিক। রিপনকে কেন আসামি করা হয়েছে জানতে চাইলে আবদুর রব বলেন, ‘তিনজন বিএনপি-জামায়াতের নেতা আমাকে ১০ হাজার টাকা দিয়ে কয়েকটি স্টাম্পে স্বাক্ষর নিয়েছে। পরে ওই পেপারগুলো ফেনী মডেল থানায় জমা দিয়েছি। কোনো নিরপরাধ যেন হয়রানির শিকার না হয় সেটা আমি ওসিকে বলেছি।’

স্থানীয় একাধিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই রিপনের উপরে ক্ষুব্ধ ছিল স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতারা। তারাই গত ৫ আগস্ট সরকার পতনের পরে সারা দেশে যে মামলা বাণিজ্য ও ঢালাও আসামি করার প্রবণতা শুরু হয়েছে সে সুযোগ কাজে লাগায়। তারা সাধারণ এক সিএনজি চালককে টাকা দিয়ে ম্যানেজ করে সাদা কাগজে স্বাক্ষর গ্রহণ করে। এরপর স্থানীয় আওয়ামী লীগ এবং সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের ওই সাজানো মামলায় আসামি করা হয়। সঙ্গে সাংবাদিক রিপনকেও এ মামলায় আসামি করা হয়। সাংবাদিকদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া গ্রেপ্তার না করার সরকারি মৌখিক নির্দেশনা থাকলেও রিপনকে গ্রেপ্তারের ক্ষেত্রে তা মানেনি র্যাব।

সাংবাদিক আবুল হোসেন রিপন বলেন, ‘মামলায় উল্লেখিত ঘটনার দিন আমি নিজ বাড়িতে ছিলাম। আমি সোনাগাজী উপজেলা থেকে গত দুই দশক ধরে সাংবাদিকতা করি। সাংবাদিকতার কারনে আমার অনেক প্রতিপক্ষ থাকতে পারে। তারা হয়তো আমাকে জড়িয়েছে। আমি কোনো দল বা পদ-পদবিতে নেই। আমি এ ব্যাপারে ন্যায়বিচার আশা করি।’ 

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, র‌্যাব আবুল হোসেন নামে একজনকে আটক করে থানায় দিয়েছে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে।