ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৬ ডিসেম্বর ২০২৪ ১০:৩৮
ছবি: সংগৃহীত
সচিবালয়ের ৭ নম্বর ভবনে সংঘটিত অগ্নিকাণ্ডের বিষয় তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক করে ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসন ও শৃঙ্খলা শাখার সিনিয়র সহকারী সচিব মো. ইমরান হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
কমিটির অপর
সদস্যরা হলেন, পুলিশ মহাপরিদর্শক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ প্রকৌশল
বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. তানভীর মনজুর, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর
রাসেল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল
বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইয়াছির আরাফাত খান , বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের
তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইয়াসির আরাফাত খান এবং ফায়ার
সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক।
তদন্ত কমিটির
কার্যপরিধিতে বলা হয়েছে, এই কমিটি, সংঘটিত অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদঘাটন; অগ্নি দুর্ঘটনার
পেছনে কারো ব্যক্তিগত বা পেশাগত দায়-দায়িত্ব আছে কি না তা উদঘাটন এবং এ জাতীয় দুর্ঘটনা
প্রতিরোধকল্পে সুপারিশ প্রেরণ করবে।
কমিটিকে
আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন প্রদান করতে বলা হয়েছে। কমিটি প্রয়োজনে এক বা
একাধিক সদস্য কো-অপ্ট করতে পারবে বলেও অফিস আদেশে জানানো হয়েছে।
/এসবি