ডেস্ক রিপোর্ট
বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর
১৭ জুন ২০২৫ ০৭:৪৫
ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৭ জুন ২০২৫ ০৭:৪৫
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা থেকে গত বছরের ৫ আগস্ট লুট হওয়া বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিনসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৬ জুন) রাতে পতেঙ্গা ও কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে পিস্তল ও গুলিসহ তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।
গ্রেফতার যুবকের নাম মো. রুবেল প্রকাশ রনি (২৭)। তিনি মীরসরাই থানার ৮নং ইউনিয়নের
৬ নম্বর ওয়ার্ডের মিঠাচরের ঠাকুরদিঘী বাজার এলাকার মো. নুরু উদ্দিনের ছেলে। বর্তমানে
থাকেন পতেঙ্গা থানার বালুরমাঠের আকমল আলী পকেট গেট এলাকায়।
মঙ্গলবার (১৭ জুন) দুপুরে সিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব
তথ্য জানান সিএমপির উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন।
তিনি বলেন, ‘কোতোয়ালি থানা পুলিশ সোমবার রাত ১টায় আকমল আলী বালুরমাঠ এলাকায় অভিযান
চালিয়ে রুবেল প্রকাশ রনিকে আটক করে। জিজ্ঞাসাবাদে রুবেল জানান গত বছরের ৫ আগস্ট কোতোয়ালি
থানা থেকে লুট হওয়া একটি অস্ত্র তার কাছে আছে। অস্ত্রটি তিনি কোতোয়ালি থানার এয়াকুবনগর
লইট্ট্যা ঘাট এলাকায় লুকিয়ে রেখেছেন। তার তথ্যমতে ওই স্থানের ময়লার স্তূপ থেকে বিদেশি
পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় অস্ত্র
আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রুবেলকে আদালতের মাধ্যমে কারাগারে
পাঠানো হবে।
/এসবি