ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৩ নভেম্বর ২০২৫ ১০:৪৮



গাজীপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক নিহত

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৩ নভেম্বর ২০২৫ ১০:৪৮

গাজীপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক নিহত

ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে তৈরি করা নিরাপত্তা বলয়ের মধ্যেও শিল্পনগরী গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মশিউর রহমান (৩৪) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বৃহস্পতিবার ভোররাতে টঙ্গী পূর্ব থানা সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মশিউর রহমান নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার রানচন্দ্রি এলাকার মবিন চৌকিদারের ছেলে। তিনি পাগার হাজী মার্কেট এলাকায় স্থানীয় বিপুলের বাড়িতে ভাড়া থেকে একটি পোশাক কারখানায় স্যাম্পলম্যান হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোররাতে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন মশিউর। পথে স্টেশন রোড এলাকায় বিআরটি উড়ালসড়কের ঢালে পৌঁছালে ছিনতাইকারীদের হামলার শিকার হন তিনি। এ সময় ছিনতাইকারীরা তার বুকে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, ঘটনার আগে বুধবার রাত নয়টার দিকে বিআরটি উড়ালসড়কের টঙ্গী বাজার এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মোবাশ্বের হাসান (৩০) নামে এক যুবক আহত হন। এ সময় ছিনতাইকারীরা তার কাছ থেকে নগদ ২৭ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। আহত মোবাশ্বের হাসান সিলেট যাওয়ার উদ্দেশ্যে টঙ্গী আসছিলেন।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান বলেন, ‘পূর্বশত্রুতা নাকি ছিনতাইকারীদের হামলায় যুবকের মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় স্বজনরা এখনও অভিযোগ দেননি। অভিযোগ পেলে মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এসবি