ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২১ ডিসেম্বর ২০২৪ ১০:৫৬



বাম হাত ও উরুতে ছুরিকাঘাত করে
প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীর ৯ লাখ টাকা ছিনতাই

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২১ ডিসেম্বর ২০২৪ ১০:৫৬

প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীর ৯ লাখ টাকা ছিনতাই

ছবি: সংগৃহীত

বগুড়ায় দুর্বৃত্তরা প্রকাশ্য দিবালোকে মালিহা এন্টারপ্রাইজ নামে এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠানের কর্মচারি মো. তারেককে (৩৮) ছুরিকাঘাত করে তার কাছ থেকে নয় লক্ষাধিক টাকা ভর্তি বাগ ছিনিয়ে নিয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে শহরের কলোনী বটতলায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহত তারেককে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়ার বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ফরহাদ হোসেন জানান, তারা ছিনতাইয়ের কথা শুনেছেন। তবে দুপুর পর্যন্ত কেউ অভিযোগ দেননি।

পুলিশ ও ওই প্রতিষ্ঠানের কর্মচারিরা জানান, তারেক বগুড়া শহরের কলোনী বটতলা এলাকায় যমুনা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর মালিহা এন্টারপ্রাইজে চুলা মেরামত, বিক্রি ও ব্যাংকিংয়ের কাজ করেন। তারেক বগুড়া শহরের মালগ্রাম চাপড়পাড়ার আলী আজমের ছেলে।

মালিহা এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মিল্লাত হোসেন জানান, শনিবার বেলা সাড়ে ১০টা দিকে তারেক অফিসের পাশেই মালিকের বাড়িতে যান। সেখান থেকে তিনি শাজাহানপুর উপজেলার নয়মাইল জামালপুরে যমুনা গ্যাস ফিল্ডে জমা দেওয়ার জন্য ব্যাগে করে নয় লাখ ১৬ হাজার টাকা নিয়ে বের হন। পথিমধ্যে দু’জন দুর্বৃত্ত তার বাম হাত ও উরুতে ছুরিকাঘাত করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত কর্মচারি তারেককে উদ্ধার করে বেলা ১১.২০ মিনিটে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) একেএম মঈন উদ্দিন জানান, দোকান কর্মচারিকে দু’জন ছিনতাইকারী ছুরিকাঘাত করে টাকার ব্যাগ নিয়ে গেছে। আহত কর্মচারিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুর পর্যন্ত এ ব্যাপারে থানায় মামলা হয়নি। ছিনতাইকারীদের শনাক্ত করা ও তাদের গ্রেপ্তারে কাজ চলছে।

/এসবি