ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৯ এপ্রিল ২০২৫ ০৮:৫৩



মানবেন্দ্রের বাড়িতে হামলা: আলীগের নেতাকর্মীদের ফাঁসানোর অভিযোগ

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৯ এপ্রিল ২০২৫ ০৮:৫৩

মানবেন্দ্রের বাড়িতে হামলা: আলীগের নেতাকর্মীদের ফাঁসানোর অভিযোগ

ছবি: সংগূহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের 'বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা'র মোটিফ নির্মাণকারী শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সদস্য বলে পুলিশের ভাষ্য। তবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সদস্যদের দাবি মিথ্যা নাটক সাজিয়ে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

আওয়ামী লীগ সরকার পতনের পর মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা আত্নগোপনে রয়েছে। সহযোগী সংগঠনের নেতারাও মানিকগঞ্জে অবস্থান করতে পারছেন না। দলের এমন সংকটময় সময় দলটির পক্ষে অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ দাবি করে মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলার সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম।

তিনি বলেন, শিল্পী মানবেন্দ্র ঘোষের বাসায় পরিকল্পিতভাবে আগুন দেয়া হয়েছে। এতে আবারও নতুন করে ষড়যন্ত্রমূলকভাবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। এলাকার সম্প্রতি ও সৌহার্দ্য নষ্ট করে নিজেদের স্বার্থ হাসিল করাই তাদের উদ্দেশ্য। আর তারা পুলিশ প্রশাসনকেও নির্লজ্জভাবে ব্যবহার করেছে। আমরা ন্যায়বিচার চাই।

জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সামিউল আলিম রনি বলেন, প্রশাসনকে নিজেদের ইচ্ছামত ব্যবহার করছে অবৈধ ইউনুস সরকার। তাই তারা এখন দিনকে রাত আর রাতকে দিন বানাচ্ছে। নাটক সাজিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করে তাদের উপর অন্যায়, অবিচার করছে। নির্মম নির্যাতন চালাচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, ওই ঘটনায় আটক সবাই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সদস্য।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দর গ্রামে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এত শিল্পীর বাড়ির আধপাকা কাচারিঘর এবং ঘরে থাকা অন্তত ৩০টি ভাস্কর্য এবং অন্যান্য জিনিস পুড়ে যায়। পরে তার বাড়ি পরিদর্শনে যান অতিরিক্ত ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।

পুলিশ কর্মকর্তারা 'শিল্পী ও তার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তাদানে পুলিশ সদস্যরা সর্বোচ্চ সতর্ক আছে জানিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে দোষীদের সবাইকে খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হবে।'

ইতোমধ্যে ভাস্করশিল্পী মানবেন্দ্র ঘোষের পুড়ে যাওয়া ঘরটি পুননির্মাণে সরকার ব্যবস্থা নিয়েছে। এ বিষয়ে মানিকগঞ্জের জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা বলেন, 'মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটিকে সরকার গুরুত্ব দিয়ে দেখছে। তদন্তকাজ শেষ হলে জেলা প্রশাসন, পুলিশসহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে শিল্পীর ইচ্ছা অনুযায়ী সেখানে ঘরটি পুননির্মান করা হবে।'

শিল্পী মানবেন্দ্র ঘোষ সাংবাদিকদের বলেন, 'আমার পরিবার আশঙ্কার মধ্যে রয়েছে এটা যেমন সত্য, তেমনি আমার শিল্পসত্ত্বা চরমভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। আমি জানি না, ভবিষ্যতে আমি সচেতনভাবে শিল্পচর্চা করতে পারব কি না।'

'এ ঘটনাকে নিয়ে যেন রাজনীতি ও ধর্মীয়করণ না করা হয়। সংবাদ পরিবেশনের  ক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে যেন সংবাদের কারণে আমরা আবার ক্ষতিগ্রস্ত না হই,' বলেন তিনি।

অগ্নিকাণ্ডের ঘটনায় গত বুধবার মানবেন্দ্র ঘোষ বাদী হয়ে অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা করেছেন।

/এসবি