ডেস্ক রিপোর্ট
বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর
০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৪
ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৪
ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের ভৈরবে বাবার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির আবেদন করা হলে তা নামঞ্জুর করেন জেলা ম্যাজিস্ট্রেট। প্যারোলে মুক্তির আবেদন নামঞ্জুর হওয়ায় বাবার লাশ নেওয়া হয় জেল গেইটে। বুধবার সকালে কিশোরগঞ্জ জেলা কারাগারে এমন ঘটনা ঘটেছে। এমন দৃশ্য দেখে হতবাক হয়েছেন অনেকেই।
ভৈরব উপজেলার
পানাউল্লারচর এলাকার বাসিন্দা মিলন মিয়া (৪৫)। রাজনৈতিক মামলায় আটক থাকায় বাবার জানাজায়
অংশ নেওয়ার সুযোগ হয়নি তার। প্যারোলে মুক্তির আবেদন নামঞ্জুর হওয়ায় শেষ পর্যন্ত বাবার
মৃতদেহই নেওয়া হয় জেলা কারাগারে।
মিলন মিয়ার
বাবা ফুল মিয়া দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার দুপুরে ভৈরবের একটি
বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আইনজীবী
ও স্বজনরা জানান, বাবার জানাজায় অংশ নিতে মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির
আবেদন করা হয়। তবে আবেদন নামঞ্জুর করে মৃতদেহ কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
স্বজনরা
জানান, এদিন সকাল ১০টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্স জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। মিলনের
এক চাচাকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হলেও অন্য স্বজনরা সাক্ষাতের সুযোগ পাননি।
মিলন মিয়ার
আইনজীবী আবদুল মোমেন ভূঁইয়া তুহিন বলেন, “মিলন মিয়ার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ
নেই। তিনি কোনো রাজনৈতিক পদে নেই, কোনো মামলায় এজাহার নামীয় আসামিও না। সন্দেহের ভিত্তিতে
তাকে গ্রেপ্তার করে পুলিশ। একটি মামলায় জামিন হয়েছিল। পরে আবার নতুন মামলায় তাকে গ্রেপ্তার
দেখানো হয়।”
কিশোরগঞ্জ
জেলা কারাগারের জেল সুপার রীতেশ চাকমা বলেন, “জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশ অনুযায়ী
আমরা ব্যবস্থা নিয়েছি। জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে পাঠানো চিঠি অনুযায়ী কারাগারের
গেইটে মৃতদেহ দেখানোর সুযোগ করে দিয়েছি।”
/এসবি