ডেস্ক রিপোর্ট
বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর
০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২২
ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২২
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বন্দরে লাগাতার কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে বন্দর ভবনে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর।
এ সময় নৌ উপদেষ্টার আশ্বাস অনুযায়ী ব্যবস্থা নেওয়া না হলে আগামী রবিবার থেকে আবার কর্মবিরতি কর্মসূচি চালুর ঘোষণা দেন তিনি।
বৈঠকের পরে
সাংবাদিকদের তিনি বলেন, রমজান মাস ও সবকিছু বিবেচনা করে আমরা কাল শুক্রবার ও পরদিন
শনিবার আমাদের কর্মসূচি স্থগিত করেছি। এ সময়ের মধ্যে উপদেষ্টা আমাদের সব বিষয়ে সিদ্ধান্ত
জানাবেন বলে আশ্বস্ত করেছেন। শনিবারের মধ্যে যদি সিদ্ধান্ত না আসে তাহলে রবিবার থেকে
আমাদের কর্মসূচি পুনরায় চলবে।
উপদেষ্টার
সঙ্গে বৈঠকের কথা তুলে ধরে সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহীম খোকন সাংবাদিকদের বলেন,
‘উপদেষ্টা মহোদয়ের সঙ্গে বৈঠকে আমরা চারটি দাবি জানিয়েছি। এই চারটি হলো নিউমুরিং টার্মিনাল
ডিপিওয়ার্ল্ডকে দেওয়া যাবে না। কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক যে ব্যবস্থা গ্রহণ করা
হয়েছে, সেগুলো প্রত্যাহার করতে হবে। বন্দর চেয়ারম্যান এস এম মনিরুজ্জামানের পদত্যাগও
দাবি করেছি আমরা।’
এর আগে সকালে
নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বন্দর ভবনে আসার সময়
গাড়িবহর আটকে বিক্ষোভ করেন বন্দরের শ্রমিকরা।
বন্দরের
নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে
ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ গত ছয় দিন ধরে কর্মবিরতি
পালন করছে। এর মধ্যে গত শনিবার থেকে সোমবার পর্যন্ত তিন দিন আট ঘণ্টা করে কর্মবিরতি
পালন করে। সোমবার কর্মসূচি শেষে মঙ্গলবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দেন
নেতারা। মঙ্গলবার পুনরায় বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন বুধবার
সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেন।
বৈঠক থেকে
বেরিয়ে নৌ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘রোজার আগে বন্দর বন্ধ করে এ ধরনের আন্দোলন অত্যন্ত
অমানবিক। বন্দর বন্ধ রাখার কারও কোনও এখতিয়ার নেই। বাধা দিলে সরকার হার্ডলাইনে যেতে
পারবে। কাল সকাল থেকে সচল না হলে সরকার হয়তো অন্যভাবে দেখবে।’
নিউমুরিং
টার্মিনালের চুক্তি নিয়ে এম সাখাওয়াত বলেন, ‘চুক্তি বোধহয় ঠেকানো যাবে না। তবে দেশের
ক্ষতি করে কোনও চুক্তি হবে না।’ ডিপিওয়ার্ল্ডের সঙ্গে নেগোসিয়েশন চূড়ান্ত হয়েছে কিনা
জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘এখনও চূড়ান্ত হয়নি।’
/এসবি