আত্রাই (নওগাঁ) সংবাদদাতা, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৭ নভেম্বর ২০২৩ ০৩:২৭
ছবি : বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে এক সময়ের সন্ত্রাস ও রক্তাক্ত জনপদ খ্যাত রাণীনগর-আত্রাই উপজেলায় শান্তির সুবাতাস বইছে। বিএনপি তথা চারদলীয় জোট আমলে এই দুই উপজেলাসহ দেশের বিভিন্ন এলাকায় প্রকাশ্য মানুষ জবাই করে হত্যা করা হয়েছে। জেএমবি নামক জঙ্গী সংগঠন গঠন করে মানুষকে মেরে ফেলে গাছে ঝুলিয়ে রেখেছিল। কিন্তু আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ভূমিকায় গত ১৫ বছর ধরে এই জনপদে এখন শান্তির সুবাতাস বইছে।
আজ মঙ্গলবার (৭ নভেম্বর) সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়কালে নওগাঁর আত্রাইয়ে উপজেলার বিশা ইউনিয়নের সমসপাড়া স্কুল মাঠে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।
আনোয়ার হোসেন হেলাল বলেন, একদিকে যেমন শান্তি
প্রতিষ্ঠিত হয়েছে অন্যদিকে সার্বিক উন্নয়ন হয়েছে। তাই প্রধামন্ত্রীর হাতকে শক্তিশালী
করতে ও দেশের উন্নয়নের ধারা ও শান্তি অব্যাহত
বজায় রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন তিনি।
এ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক আক্কাছ আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সোহেল রানা প্রমূখ বক্তব্য রাখেন।
এর আগে উপজেলার পতিসর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চারতলা ভিত বিশিষ্ঠ নব-নির্মিত একতলা ভবনের উদ্বোধন করেন আনোয়ার হোসেন হেলাল।
জেডএস/