ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৩ নভেম্বর ২০২২ ০৮:৪৮



ইরানে বিক্ষোভে নিহত ৩শ’র বেশি: জাতিসংঘ

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৩ নভেম্বর ২০২২ ০৮:৪৮

ইরানে বিক্ষোভে নিহত ৩শ’র বেশি: জাতিসংঘ

ছবি: সংগৃহীত

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, ইরানের পরিস্থিতি খুবই ‘গুরুতর’। বিক্ষোভকারীদের ওপর কর্তৃপক্ষের কঠোর দমনাভিযানের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এর ফলে গত দুই মাসের বিক্ষোভে ৩০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন।

জেনেভায় মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে তুর্ক আরও বলেন, ‘গত সপ্তাহে দুই শিশুর মৃত্যুসহ ইরানের বিক্ষোভে নিহতের সংখ্যা বৃদ্ধি এবং নিরাপত্তা বাহিনীর কঠোর দমনাভিযান দেশটির গুরুতর পরিস্থিতিকে সামনে নিয়ে এসেছে।’

বিবিসি জানায়, জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে ইরানের এই গুরুতর বিপজ্জনক পরিস্থিতির ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে এবং বিক্ষোভকারীদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর না করতে ইরান কর্তৃপক্ষের সমালোচনাও করা হয়েছে।

মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র লিজ থ্রসেল বলেছেন, নিরাপত্তা বাহিনী কঠোরভাবে সরকারবিরোধী বিক্ষোভ দমন করার কারণে বিক্ষোভকারীর মৃত্যু বাড়ছে।

তিনি নিহতের সংখ্যা ৩০০-এর বেশি বলে উল্লেখ করেন এবং মরদেহগুলো আটকে রাখা হচ্ছে- এমন খবরে উদ্বেগ প্রকাশ করেন। নিহতদের পরিবারের সদস্যরা চুপ না থাকলে কিংবা মৃত্যুর কারণ সম্পর্কে মিথ্যা বিবৃতি না দেওয়া পর্যন্ত মরদেহগুলো হস্তান্তর করা হচ্ছে না বলে খবর পাওয়া যাচ্ছে।

ইরানে গত ৯ সপ্তাহে বিক্ষোভে গুলিতে নিহত কয়েকজনের পরিবারের ঘনিষ্ঠজনরা অভিযোগ করেছেন, তারা মরদেহ মর্গ থেকে আনতে গেলে নিরাপত্তা কর্মকর্তারা তাদের ওপর চাপ সৃষ্টি করেছেন গণমাধ্যমকে এ কথা বলার জন্য যে, নিহতরা পথচারী ছিলেন কিংবা মিলিশিয়া ছিলেন, যারা দাঙ্গাকারীদের হাতে মারা গেছেন।

পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে গত সেপ্টেম্বর গ্রেপ্তার হওয়া ২২ বছর বয়সি কুর্দি তরুণী মাশা আমিনি পুলিশ হেফাজতে মারা যাওয়ার পর থেকেই ইরান বিক্ষোভ উত্তাল হয়ে আছে। হিজাববিরোধী এই বিক্ষোভ সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) বলেছে, ইরানের বিক্ষোভে নিহতদের মধ্যে অন্তত ৪০টি শিশু রয়েছে। দেশজুড়ে ৩১টি প্রদেশের ২৫টিতেই এমন মৃত্যুর ঘটনা ঘটেছে।

ওএইচসিএইচআরের মুখপাত্র জেরেমি লরেন্স বিশেষত, ইরানের কুর্দি নগরীগুলোর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। গত সপ্তাহে সেখানে ৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হচ্ছে, গত মাসে নিরাপত্তা বাহিনীর সদস্য, পুলিশসহ ৪৬ জন বিক্ষোভে নিহত হয়েছেন। তবে দেশটির সরকারি কর্মকর্তারা মৃতের সংখ্যা এর চেয়ে বেশি হওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেননি।

এআর/