ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৪ জানুয়ারি ২০২৩ ১০:৪৬



বাংলাদেশের আরাফাত পেলেন আয়রনম্যানের ‘স্বর্ণ পুরস্কার’

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৪ জানুয়ারি ২০২৩ ১০:৪৬

বাংলাদেশের আরাফাত পেলেন আয়রনম্যানের ‘স্বর্ণ পুরস্কার’

ছবি: সংগৃহীত

আয়রনম্যান হলো একদিনে অনুষ্ঠিত পৃথিবীর কঠিনতম ট্রায়াথলন। নির্দিষ্ট দূরত্বের সাঁতার, সাইক্লিং ও দৌড়ের সমন্বয়ে যে খেলা হয়ে থাকে তাকে ট্রায়াথলন বলা হয়। এই খেলার ক্রীড়াবিদদের বলা হয় ট্রায়াথলেট। বাংলাদেশের ট্রায়াথলন মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত। ২০২২ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপসহ চারটি আয়রনম্যান প্রতিযোগিতায় তিনি অংশ নিয়ে সফল হয়েছেন।

এই প্রতিযোগিতায় মধ্যে দুটি ছিল পূর্ণ ও দুটি অর্ধ দূরত্বের আয়রনম্যান প্রতিযোগিতা। এগুলোতে অর্জিত পয়েন্টের ভিত্তিতে ‘আয়রনম্যান অল ওয়ার্ল্ড অ্যাথলেট (এডব্লিউএ)’ কর্তৃপক্ষ আরাফাতকে স্বর্ণ পুরস্কার (গোল্ড অ্যাওয়ার্ড) দিয়েছে। সারা বিশ্বের ক্রীড়াবিদদের বয়স গ্রুপে প্রতিবছরই র‌্যাঙ্কিং তালিকা করে আয়রনম্যানের এই বৈশ্বিক কর্তৃপক্ষ।

পূর্ণ দূরত্বের আয়রনম্যানে একজন ট্রায়াথলেটকে নির্দিষ্ট সময়ের মধ্যে ৩ দশমিক ৮ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং ও ৪২ দশমিক ২ কিলোমিটার দৌড় সম্পন্ন করতে হয়। আয়রনম্যান ৭০ দশমিক ৩ প্রতিযোগিতায় ক্রীড়াবিদকে সাঁতার, সাইক্লিং ও দৌড়ে এর অর্ধেক দূরত্ব পাড়ি দিতে হয়।

আয়রনম্যান এডব্লিউএর তালিকা অনুযায়ী বিশ্বে ৩০-৩৪ বছর বয়সী ট্রায়াথলেটদের মধ্যে আরাফাতের অবস্থান ১৩৬তম। বাংলাদেশে তার অবস্থান ১ নম্বরে। এডব্লিউএ ১২ জানুয়ারি এই তালিকা প্রকাশ করেছে। স্বর্ণ পুরস্কারের সনদও আরাফাতের কাছে পাঠিয়েছে। তাদের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়েছে।

মোহাম্মদ সামছুজ্জামান আরাফাতই প্রথম বাংলাদেশি ক্রীড়াবিদ, যিনি এই স্বর্ণ পুরস্কার পেলেন। গত বছর আয়রনম্যানের চারটি প্রতিযোগিতায় আরাফাতের অর্জন ১০ হাজার ৯১১ পয়েন্ট। নিয়ম অনুযায়ী গত বছরের অর্জিত পয়েন্ট ধরে বৈশ্বিক তালিকায় আরাফাতের বর্তমান অবস্থান বা র‌্যাঙ্ক নির্ধারিত হয়েছে, যা ২০২৩ সালজুড়েই থাকবে।

এডব্লিউএর হিসাব অনুযায়ী বছরব্যাপী আয়রনম্যানের বিভিন্ন আয়োজনে বয়স গ্রুপ ধরে ক্রীড়াবিদদের ২ শতাংশ স্বর্ণ, ৫ শতাংশ রৌপ্য ও ১০ শতাংশ ব্রোঞ্জ পুরস্কার পান।

এ বছর ফ্রান্সে অনুষ্ঠেয় আয়রনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ও ফিনল্যান্ডে অনুষ্ঠেয় আয়রনম্যান ৭০ দশমিক ৩ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন সামছুজ্জামান আরাফাত। পেশাজীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের একজন উপ-পরিচালক। সামছুজ্জামান আরাফাত ২০১৭ সাল থেকে এ পর্যন্ত পূর্ণ ও অর্ধ দূরত্বের মোট ৯টি আয়রনম্যান প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যালেঞ্জ সম্পন্ন করেছেন।

এসবি/এসএল/এইচআই