ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১১ ফেব্রুয়ারি ২০২৩ ১০:২৪



এশিয়ান ইনডোরে সোনা জিতলেন বাংলাদেশের ইমরানুর

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১১ ফেব্রুয়ারি ২০২৩ ১০:২৪

এশিয়ান ইনডোরে সোনা জিতলেন বাংলাদেশের ইমরানুর

ছবি: সংগৃহীত

অ্যাথলেটিকসের আন্তর্জাতিক কোনো মঞ্চে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে বাংলাদেশের কোনো স্প্রিন্টার গতির ঝড় তুলবেন তা যেন স্বপ্নেও কল্পনা করা যেত না কখনো। কিন্তু এবার সেই অকল্পনীয় ব্যাপারটাকেই বাস্তবে রূপ দিলেন বাংলাদেশের অ্যাথলেট ইমরানুর রহমান।

কাজাখস্তানে অনুষ্ঠিত এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়ন শিপের ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদক জিতেছেন ইমরানুর রহমান। স্বর্ণ পদক জেতার সঙ্গে গড়লেন রেকর্ডও। আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সেমিফাইনালেই নিজের সেরা টাইমিং পেছনে ফেলে এ রেকর্ড গড়েছেন তিনি।

সেমিফাইনালের আগে এই ইভেন্টে ইমরানুরের আগের সেরা টাইমিং ছিল ৬ দশমিক ৬৪ সেকেন্ড। সেমিতে ৬ দশমিক ৬১ সেকেন্ড সময় নিয়ে সে রেকর্ড ভাঙেন।

সন্ধ্যা সাড়ে ৬টায় সেমিফাইনালে দৌড়ে কাতারের প্রতিদ্বন্দ্বীর চেয়ে অল্প একটু পিছিয়ে থেকেই ফাইনালে ওঠেন ইমরানুর। ২ ঘণ্টা পর ফাইনালে সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েন তিনি। সে সঙ্গে কাজাখস্তানে ওড়ালেন লাল-সবুজের পতাকা।

এর আগে সকালে অনুষ্ঠিত এই ইভেন্টের দুই নম্বর হিটে অংশ নিয়ে বাংলাদেশের দ্রুততম মানব সেমিফাইনাল নিশ্চিত করেন। ৬ দশমিক ৭০ সেকেন্ড সময় নিয়ে হিটে সবার সেরা টাইমিং করে সেমিফাইনালে নাম লেখান তিনি।

এসবি/এসএল