মৌলভীবাজার সংবাদদাতা

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৭ আগস্ট ২০২৩ ০৬:২৭



অস্ত্রসহ আন্ত:জেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

মৌলভীবাজার সংবাদদাতা, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৭ আগস্ট ২০২৩ ০৬:২৭

অস্ত্রসহ আন্ত:জেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

ছবি : বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

মৌলভীবাজারের রাজনগরে দেশীয় অস্ত্র ও ডাকাতির মালামালসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রবিবার (২৭ আগস্ট) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মনজুর রহমান পিপিএম (বার) সাংবাদিকদের এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাজনগর উপজেলার নয়াটিলা গ্রামের জাকির হোসেন (৪০), শাহপুর গ্রামের রুবেল মিয়া (৩০) ও লালাপুরের আমির হোসেন (৪১)।

মনজুর রহমান জানান, গত ২৪ আগস্ট রাতে রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের পশ্চিম লালাপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার স্ত্রী আমিরুন নেছার (৫৫) বসত ঘরের বারান্দার কলাপসিবল গেইটের তালা কেটে ও রুমের ছিটকিনি ভেঙ্গে অজ্ঞাতনামা ৬ থেকে ৭ জন লোক দেশীয় অস্ত্রসহ প্রবেশ করে ঘরের লোকদের হাত-পা বেধে নগদ বিশ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ মোট ছয় লক্ষাধিক টাকার মালামাল লুট করে।

এ ঘটনায় রাজনগর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। ঘটনার পর রাজনগর থানার পুলিশ ডাকাতির এই ঘটনার রহস্য উদঘাটনে কাজ করে। এর ভিত্তিতে শনিবার রাতে রাজনগরের উত্তরভাগ ইউনিয়নের নয়াটিলা গ্রামের জাকির হেসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

মনজুর রহমান আরও জানান, গ্রেপ্তারকৃত জাকির হোসেনের বসত বাড়ী সংলগ্ন পূর্ব পাশের ঝোপ থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতরে রক্ষিত ডাকাতির কাজে ব্যবহৃত প্লাস্টিকের তৈরি একটি কালো রঙের খেলনা পিস্তল, কাঠের হাতল বিশিষ্ট লোহার তৈরি দুটি ছুরি, একটি লোহার তৈরি রামদা, একটি লোহার তৈরি হ্যামার, তালা কাটায় ব্যবহৃত একটি লোহার তৈরি কাটার জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য ও তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। আজ দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য ও ডাকাত জাকির হোসেন এর দেখানো মতে তাদের হেফাজত থেকে এক জোড়া স্বর্ণের কানের দুল, একটি রূপার চেইন এবং নগদ আড়াই হাজার টাকা উদ্ধার করা হয় বলেও জানান পুলিশ সুপার।

জেডএস/