ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৬ নভেম্বর ২০২২ ১০:৪০
ছবি: সংগৃহীত
মস্কোর ক্ষেপণাস্ত্রের আঘাতে বিপর্যস্ত ইউক্রেনের বহু বিদ্যুৎকেন্দ্র। বিদ্যুৎকেন্দ্রগুলো ক্ষতিগ্রস্তের ফলে অন্ধকারে ডুবে আছে অনেক এলাকা। এ বিষয়ে শুক্রবার (২৫
নভেম্বর) রাতের ভাষণে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ইউক্রেনজুড়ে ৬০ লাখের
বেশি গ্রাহক বিদ্যুৎহীন।
জেলেনস্কি বলেন, এখন পর্যন্ত বেশির ভাগ অঞ্চল এবং কিয়েভ শহরে ব্ল্যাকআউট অব্যাহত
রয়েছে।
রাশিয়ার লাগাতার ক্ষেপণাস্ত্রে কিয়েভের পাশাপাশি ওডেসা, লভিভ, ভিনিসিয়া এবং ডিনিপার
অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়েছেন। কিয়েভে ৬০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন।
ক্ষতিগ্রস্ত পাওয়ার স্টেশনে মেরামতে কাজ চললেও কবে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে এ
সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি।
ইউক্রেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, বুধবার (২৩ নভেম্বর) বিকেলে রাশিয়া ৭০টি
ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে । ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা
চালাচ্ছে দেশটি। ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় ইউক্রেনের লাখ লাখ মানুষ পানি
ও বিদ্যুৎ সংযোগ পেতে লড়াই করছেন। ঘণ্টার পর ঘণ্টা পানি ও বিদ্যুৎহীন থাকতে হচ্ছে।
সূত্র: সিএনএন
এসডি/এইচআই