ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৭ নভেম্বর ২০২২ ০৯:০৭
ছবি: সংগৃহীত
ইউক্রেনের
খেরসন অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। ইউক্রেনীয় পুলিশের
বরাত দিয়ে রবিবার (২৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে
বলা হয়েছে, দুই সপ্তাহ আগে মস্কোপন্থি বাহিনী প্রত্যাহারের পর থেকে দক্ষিণ ইউক্রেনের
খেরসন অঞ্চলে রাশিয়ার গোলাবর্ষণে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে বলে শনিবার (২৬ নভেম্বর)
ইউক্রেনের পুলিশ প্রধান জানিয়েছেন।
রাশিয়ান
বাহিনী প্রায় ৯ মাস দখলে রাখার গত ১১ নভেম্বর খেরসন শহর থেকে তাদের বাহিনী প্রত্যাহার
সম্পন্ন করে। রুশ বাহিনী এখন ডিনিপ্রো নদীর পূর্ব তীরে অবস্থান করছে, যেখান থেকে তারা
শহরটিতে নিয়মিত গোলাবর্ষণ করে চলেছে।
ইউক্রেনের
ন্যাশনাল পুলিশ প্রধান ইহোর ক্লাইমেনকো ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেছেন, ‘প্রতিদিনই
চালানো রাশিয়ার হামলা এই শহরকে ধ্বংস করছে এবং শান্তিপূর্ণ স্থানীয় বাসিন্দাদের হত্যা
করছে। সর্বোপরি, শহরটি ছেড়ে চলে যাওয়ার পর থেকে খেরসন অঞ্চলে ৩২ জন বেসামরিক মানুষকে
হত্যা করেছে রাশিয়া।’
পুলিশ আবারও
এই অঞ্চলে দায়িত্ব পালন করছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বাধ্য হয়ে দেশের শান্ত অঞ্চলে
আশ্রয় নেওয়ার জন্য অনেক লোক এখান থেকে সরে যাচ্ছে। কিন্তু অনেক বাসিন্দা তাদের বাড়িতেই
থাকছেন এবং আমাদের তাদের সর্বোচ্চ সম্ভাব্য নিরাপত্তা দিতে হবে।’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন সিনিয়র সহকারী শনিবার জানান, শহরের বিদ্যুৎ সংযোগ ফের চালু করা হয়েছে। এ ছাড়া গত সপ্তাহে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছিলেন, ইউক্রেন শিগগিরই এই অঞ্চল ছেড়ে যেতে চায় এমন লোকদের সরিয়ে নেওয়া শুরু করবে।
সূত্র: রয়টার্স
এসএল/এইচআই