ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৮ ডিসেম্বর ২০২৪ ১০:১১



পূর্বাচল লেকে কিশোরীর পর মিলল কিশোরের লাশ

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৮ ডিসেম্বর ২০২৪ ১০:১১

পূর্বাচল লেকে কিশোরীর পর মিলল কিশোরের লাশ

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ২ নম্বর সেক্টরে লেক থেকে সুজানা আক্তার (১৭ নামে এক কিশোরীর মরদেহ উদ্ধারের ১৫ ঘণ্টা পর শাইনুর রশিদ কাব্য (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার হয়েছে। বুধবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুলিশের সহযোগিতায় পানিতে তলিয়ে থাকা মোটরসাইকেলের নীচ থেকে মরদেহটি উদ্ধার করে।

নিহত শাহিনুর রশিদ কাব্য কাফরুল থানার কচুক্ষেত বউ বাজার এলাকার হারুনুর রশিদের ছেলে। সে রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। নিহত সুজানা ছিল কাব্যের বন্ধু। ধারণা করা হচ্ছে নিহত কাব্য মোটরসাইকেলটি চালাচ্ছিল। সঙ্গে ছিলেন নিহত সুজানা।

ফায়ার সা‌র্ভিস অ্যান্ড সি‌ভিল ডিফেন্সের রূপগঞ্জের স্টেশন অফিসার আবুল খায়ের জানান, আজ সকালে কাব্যের পরিবারের লোকজন ফায়ার সার্ভিসের ডুবুরি ও পুলিশের সহযোগিতায় সেতুর নিচের লেকের পানিতে থাকা মোটরসাইকেল ও মরদেহ বুঝে পায়। এর আগে গতকাল মঙ্গলবার সুজানার মরদেহ উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ‘গতকাল সকালে পূর্বাচল ২ নম্বর সেক্টরে কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের বউরাটেক এলাকার ৪ নম্বর সেতুর নিচে লেক থেকে পুলিশ সুজানার মরদেহ উদ্ধার করে। পরে স্বজনদের কাছ থেকে জানতে পারি সুজানার সঙ্গে যাওয়া কাব্য নামে এক কিশোর নিখোঁজ রয়েছে। আজ সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় পুলিশ লেকের পানির নীচ থেকে মোটরসাইকেলসহ শাহিন রশিদ কাব্যের মরদেহ উদ্ধার করে।’

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘উদ্ধার কিশোরীর মরদেহের পরিচয় শনাক্তের জন্য বিভিন্ন যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। এদিকে মরদেহ উদ্ধারের সংবাদ পেয়ে মিরপুর থেকে সুজানার পরিবারের লোকজন এসে তা শনাক্ত করে।’

নারায়ণগঞ্জ জেলা পু‌লিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ‘রূপগঞ্জে পূর্বাচলে কলেজছাত্রী সুজানা ও তাঁর বন্ধু ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট স্কুলের শিক্ষার্থী কাব্য মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে বলে পুলিশ প্রাথ‌মিকভাবে ধারণা করছে।’

/এসবি