ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৪ ডিসেম্বর ২০২৪ ১২:৫৮
ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) লালবাগ জোন। সোমবার (২৩ ডিসেম্বর) রাতে রাজধানীর ফার্মগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি জানায়,
গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা রাত ১টার দিকে ফার্মগেট থানা এলাকা
থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবি আরও জানায়, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ
ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সূত্রে জানায়,
গত ১৯ জুলাই মোহাম্মদপুর বেড়ীবাঁধ তিন রাস্তার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা শান্তিপূর্ণ
আন্দোলন করছিলো। মামলার বাদী মো. ইমরুল কায়েস ফয়সালও ওই আন্দোলনে অংশগ্রহণ করেছিলো।
সে সময় আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আক্রমণকারীরা এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে ইমরুল কায়েস ফয়সাল গুলিবিদ্ধ হয়।
পরে গুলিবিদ্ধ
অবস্থায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন তিনি। হাসপাতাল
থেকে সুস্থ হয়ে ফিরে গত ২৬ সেপ্টেম্বর উক্ত ঘটনায় বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি
হত্যা চেষ্টা মামলা করেন।
/এসবি