ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:১২
ছবি: সংগৃহীত
রাজশাহী নগরের সিঅ্যান্ডবি মোড়ে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ ম্যুরালটি সাদা রং করে ঢেকে দেওয়া হয়েছে। রোববার সকাল থেকে কয়েকজন রংমিস্ত্রি সাদা রঙের প্রলেপে ম্যুরাল থেকে বঙ্গবন্ধুর ছবি মুছে দেওয়ার কাজ শুরু হয়। সন্ধ্যার আগেই পুরো ম্যুরালটি ঢেকে দেওয়া হয়। তবে এই কাজের জন্য তাদের কারা ভাড়া করেছিল তা জানেন না রংমিস্ত্রিরা।
রাজশাহী জেলা পরিষদের জায়গায় ম্যুরালটি নির্মাণ করে রাজশাহী সিটি করপোরেশন। এই ম্যুরালের উচ্চতা ৫৮ ফুট। তবে মূল অংশের উচ্চতা ৫০ ফুট। আর চওড়া ৪০ ফুট। নির্মাণের পর রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে দাবি করা হয়, এটিই দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে বড় ম্যুরাল।
ম্যুরালটির
সীমানাপ্রাচীরের দুই পাশে ৭০০ বর্গফুট টেরাকাটার কাজ করা হয়। এক পাশে গ্রামবাংলার ঐতিহ্যের
লোকজ সংস্কৃতির নানা চিত্র ফুটিয়ে তোলা হয়েছিল। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস
ও ঐতিহ্যও তুলে ধরা হয়েছিল। ল্যান্ডস্কেপিংয়ে গ্রানাইট দিয়ে সজ্জিত করা হয়। গত ৫ আগস্ট
আওয়ামী সরকারের পতনের পর এই ম্যুরাল ও টেরাকাটা ক্ষতিগ্রস্ত হয়। তবে ম্যুরালটি ভেঙে
ফেলা যায়নি।
এর আগে গত ৫ আগস্টই রাজশাহীতে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বেশির ভাগ ম্যুরাল গুঁড়িয়ে দেওয়া হয়। সর্বশেষ গত ৬ ফেব্রুয়ারি ‘জিতবে আবার নৌকা’ গানের তালে তালে বুলডোজার দিয়ে রাজশাহী কলেজে থাকা ম্যুরালটি গুঁড়িয়ে দেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
/এসবি