মৌলভীবাজার সংবাদদাতা, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৯ ডিসেম্বর ২০২২ ০৫:৪২
ছবি: বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে শমশেরনগর পর্যন্ত সড়কটি খুব ব্যস্ত একটি সড়ক। কমলগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে সাত কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটিতে সোলার বাতি লাগানো হয়েছে। সড়কটি এখন বেশ আলোকিত হয়েছে। বাতি লাগানোর কারণে যানবাহনের পাশাপাশি এলাকাবাসীও এখন নিরাপদে চলাচল করতে পারছেন।
উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগের আওতায় কমলগঞ্জের কিন্নিছড়া কালভার্ট সেতু থেকে শমশেরনগর পর্যন্ত সড়কে সোলার বাতি লাগানো হয়। উপজেলা পরিষদে সিদ্ধান্ত গ্রহণের পর ২৪ লাখেরও বেশি টাকা খরচে একটি খুঁটি থেকে ১০০ ফুট দূরত্ব নিয়ে ৯৮টি খুঁটিতে সোলার বাতি লাগানো হয়েছে। সম্প্রতি এ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুর রহমান।
কমলগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে উপজেলা প্রতিনিধিকে নিয়ে তদন্ত করা হয়। এ সড়কে মোট ৯৮টি সোলার বাতি লাগানো হয়েছে। এই বাতিগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব এখন এলাকাবাসীর।
এই সড়কে সোলার বাতি লাগানোর পর উপকারভোগী মো. সালাহ্উদ্দিন তরফদার বলেন, আগে বাজার থেকে অন্ধকারের মাঝে বাড়ি ফিরতে হতো।উপজেলা পরিষদ সড়কে বাতি লাগানোর কারণে রাতে সড়কটি যেমন আলোকিত হয়েছে, তেমনি এলাকাবাসীও নিরাপদে চলাচল করতে পারছেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী
কর্মকর্তা সিফাত উদ্দিন বলেন, ‘উপজেলা পরিষদের সিদ্ধান্তে উপজেলা পরিচালন ও উন্নয়ন
প্রকল্পে সাত কিলোমিটার সড়কে এ সোলার লাগানো হয়েছে।’
কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান
মো. রফিকুর রহমান বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক। এ সড়কে রাতেও নিরাপত্তার
প্রয়োজন রয়েছে। তাই সোলার বাতি লাগানো হয়েছে। এখানে আলাদা বিদ্যুতের কোনো ব্যয় নেই।
বাতি স্থাপনের পর রাতে তিনি সরেজমিন ঘুরে দেখেছেন পুরো ৭ কিলোমিটার পথ আলোয় আলোকিত
হয়েছে।’
ইউএইচ/