ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৪ জানুয়ারি ২০২৩ ০৯:৫০
ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার মাটিতে আজ শনিবার (১৪ জানুয়ারি) শুরু হচ্ছে ইন্টারন্যাশাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আয়োজিত প্রথম অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বেনোনিতে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।
টুর্নামেন্টে
‘এ’ গ্রুপে বাংলাদেশ ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা এবং যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়ার
পর আগামী ১৬ জানুয়ারি শ্রীলঙ্কা এবং ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে
বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের সব ম্যাচ বেনোনিতে
খেলবে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।
১৬টি দলকে
চার গ্রুপে ভাগ করে বিশ্বকাপের লড়াই শুরু হবে। ‘বি’ গ্রুপে আছে- ইংল্যান্ড, পাকিস্তান,
রুয়ান্ডা ও জিম্বাবুয়ে, ‘সি’ গ্রুপে আছে- আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ
ও ইন্দোনেশিয়া এবং ‘ডি’ গ্রুপে আছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, ভারত, স্কটল্যান্ড ও সংযুক্ত
আরব আমিরাত।
প্রতিটি
গ্রুপ থেকে শীর্ষ তিন দল ‘সুপার সিক্স পর্বে’ খেলবে। যেখানে ‘এ’ ও ‘ডি’ গ্রুপের ছয়
দল নিয়ে হবে সুপার সিক্স গ্রুপ-১ এবং ‘বি’ ও ‘সি’ গ্রুপের ছয় দল নিয়ে হবে সুপার সিক্স
গ্রুপ-২।
সুপার সিক্সের
দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল দুটি সেমিফাইনালে লড়াই করবে। আগামী ২৭ জানুয়ারি
দুটি সেমিফাইনাল ম্যাচ হবে। ফাইনাল হবে ২৯ জানুয়ারি। ১৫ দিনের টুর্নামেন্টে মোট ৪১টি ম্যাচ হবে। বেনোনি ও পচেফস্ট্রুমে হবে ম্যাচগুলো।
মূল লড়াইয়ে
নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে
বৃষ্টি আইনে ৭ রানে ও শেষ প্রস্তুতি ম্যাচে ভারতকে ৩ রানে হারায় বাংলাদেশ।
২০২০ সালে
এই দক্ষিণ আফ্রিকার মাটিতেই ছেলেদের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ।
পচেফস্ট্রমে হওয়া ফাইনালে বৃষ্টি আইনে ভারতকে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আকবর-মাহমুদুল
হাসানরা।
দেশ ছাড়ার
আগে সংবাদমাধ্যমে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক দিশা বিশ্বাস বলেছিলেন,
‘ভাইরা (আকবর) যেখান সাফল্য পেয়েছিলেন, আমাদেরও সেভাবে পরিকল্পনা আছে। ভাইরা যদি কিছু
করতে পারে, আমরাও পারব। আমাদের লক্ষ্য ভালো খেলা, ‘স্ট্যান্ডার্ড’ একটা ফল নিয়ে দেশে
ফেরা।’
দিশা বিশ্বাস
আরও বলেন, ‘আশা করি, ভালো একটা ফল আসবে। ভালো ফল মানেই যে, চ্যাম্পিয়ন হওয়া ওমন কিছু
না। আমরা সবাই মিলে চেষ্টা করব ভালো কিছু করার।’
গত বছর বাংলাদেশে
নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হওয়ার কথা ছিল। তবে কোভিডের কারণে সেটি হয়নি। প্রথম আসরটি
আয়োজন করছে দক্ষিণ আফ্রিকা।
এমএইচ/এইচআই