ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৩ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:১৪



আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির আভাস নেই আগামীকাল

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৩ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:১৪

আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির আভাস নেই আগামীকাল

ছবি: সংগৃহীত

শীতকে বিদায় ‍দিয়ে রাত পেরুলেই শুরু বসন্ত। শীত বিদায়ের এই ক্ষণে আকাশে মেঘ জমলেও তা বৃষ্টি হয়ে ঝরবে না বলেই আভাস মিলেছে। আগামীকাল মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলেছে, অস্থায়ীভাবে আকাশ মেঘলা থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই, আবহাওয়া শুষ্কই থাকবে।

এদিকে দিনের তাপমাত্রা একটু বাড়তে থাকলেও রাত ও ভোরে হিম হিম ভাব এখনো যায়নি।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘আপাতত ঝড়-বৃষ্টির কোনো আভাস ১৯ তারিখ পর্যন্ত সেভাবে নেই। আকাশে যে মেঘ জমে, এতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।’

আগামী দু-তিন দিন দেশের বেশির ভাগ এলাকায় তাপমাত্রা অল্প কমতে পারে। তবে এরপর তাপমাত্রা বাড়তে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়াবিদ নাজমুল বলেন, কুয়াশা আরও কমে যেতে পারে। তবে উত্তর-পশ্চিমাঞ্চলে রাজশাহী ও রংপুর বিভাগে একটু ঠাণ্ডা বাড়তে পারে।

আজ সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ওঠে যশোরে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ার ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এমএইচ/এইচআই