ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০১ মে ২০২৩ ০৯:০২
মহান মে দিবস আজ। বঞ্চনা, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে শ্রমিকদের
সংগ্রাম আর অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগোয় অবস্থিত হে মার্কেটে
৮ ঘণ্টা কাজের দাবিতে শুরু হওয়া শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে হতাহতের ঘটনা নাড়া
দিয়েছিল বিশ্বকে।
মে মাসের ১ তারিখ পূর্ব ঘোষণা অনুযায়ী বিক্ষোভে নামে ফেডারেশন
অব অর্গানাইজড ট্রেডস অ্যান্ড লেবার ইউনিয়ন। সমাবেশ ভাঙতে সেখানে গুলি চালায় পুলিশ। এতে
ঘটনাস্থলেই মারা যান ৪ শ্রমিক, আহত হয় অসংখ্য।
এ ঘটনায় পুলিশের ওপর বোমা হামলার মিথ্যা অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া
হয় অগাস্ট স্পাইস, আলবার্ট পারসন্স ও এডলফ ফিশারসহ ৪ শ্রমিক নেতাকে। এসব ঘটনায় পুঁজিবাদী
সম্প্রদায়ের বিরুদ্ধে ফুঁসে ওঠেন বিশ্বের মেহনতি মানুষ। তাদের এ আন্দোলন ক্রমেই ছড়িয়ে
পড়ে বিশ্বব্যাপী; রূপ নেয় সারা পৃথিবীর শ্রমিকদের অসহযোগ আন্দোলনে। তাদের আত্মত্যাগের
ঘটনাকে স্মরণ করেই মে মাসের এক তারিখকে ঘোষণা করা হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস।
বিশ্বের প্রায় ৮০টিরও বেশি দেশে রাষ্ট্রীয়ভাবে পালিত হয় দিবসটি।
তবে এ ঘটনার ১২৮ বছরেও পূরণ হয়নি শ্রমিকদের কাঙ্ক্ষিত অধিকার। এখনো বিশ্বব্যাপী মালিক
শ্রেণির শোষণ, বঞ্চনার শিকার মেহনতি এসব মানুষ। যাদের হাতে গড়ে উঠছে বিশ্ব সভ্যতা।
তারাই এখনো পায়নি ভালোভাবে বেঁচে থাকার ন্যায্য অধিকার।
এসএ/