কনটেন্ট ক্রিয়েটর, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৬ এপ্রিল ২০২২ ০২:৩০
লেখক মুহাম্মদ
জাফর ইকবালকে হত্যাচেষ্টার দায়ে মূল হামলাকারীর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এছাড়া ঘটনায়
জড়িত থাকার অভিযোগে চার বছরের কারাদণ্ড হয়েছে একজনের। খালাস পেয়েছেন চারজন। মঙ্গলবার
সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লব এ রায় দেন। রাষ্ট্রপক্ষের
আইনজীবী (পিপি) মমিনুর রহমান টিটু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
যাবজ্জীবন
সাজাপ্রাপ্ত হলেন ফয়জুল হাসান। আর চার বছরের কারাদণ্ড হয়েছে তার বন্ধু সোহাগ মিয়ার।
খালাস পেয়েছেন ফয়জুলের বাবা মাওলানা আতিকুর রহমান, মা মিনারা বেগম, মামা ফজলুল হক ও
ভাই এনামুল হাসান।
রায়ের আগে
পুলিশি নিরাপত্তায় আসামিদের সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়।
২০১৮ সালের
৩ মার্চ বিকালে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে
এক অনুষ্ঠানে জাফর ইকবালের ওপর হামলা চালায় মাদ্রাসা ছাত্র ফয়জুল হাসান। এ ঘটনায়
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন জালালাবাদ থানায় মামলা করেন।
তিনি রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
২০১৮ সালের
২৬ জুলাই হামলাকারী ফয়জুল ও তার মা-বাবা, ভাইসহ ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র
জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম। একই বছরের ৪ অক্টোবর
মামলার বিচারকাজ শুরু হয়। ১০ মার্চ শেষ হয় সাক্ষ্যগ্রহণ। মামলার ৫৬ জন সাক্ষীর মধ্যে
৩৫ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ২২ মার্চ রায়ের
দিন (২৬ এপ্রিল) ধার্য করেন আদালত।
আইনজীবী
মমিনুর রহমান টিটু সাংবাদিকদের জানান, যাবজ্জীবন সাজা ছাড়াও ফয়জুলকে ৩০ হাজার টাকা
জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আসামিপক্ষের
আইনজীবী মোতাহির আলী বলেন, দণ্ডের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবেন। খালাসপ্রাপ্তরা
ন্যায়বিচার পেয়েছেন।