নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৩ মে ২০২৩ ১০:২১
ছবি: সংগৃহিত
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসকে পদ্মা বহুমুখী সেতুর একটি চিত্রকর্ম উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ও বিশ্বব্যাংকের অংশীদারত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার (১ মে) বিশ্বব্যাংক সদর দপ্তরে এক অনানুষ্ঠানিক মতবিনিময় শেষে প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। এ ছাড়া সেখানে আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগ, দুর্যোগ প্রস্তুতি ও পরিবেশ ব্যবস্থাপনার পাঁচ প্রকল্পে বাংলাদেশকে ২২৫ কোটি ডলার ঋণ দেয়ার চুক্তি করে বিশ্বব্যাংক।
এর আগে ২০১২ সালে পদ্মা সেতু প্রকল্পে বাংলাদেশি কর্মকর্তা, কানাডার একটি প্রতিষ্ঠানের নির্বাহী ও কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে ১২০ কোটি ডলারের ঋণ বাতিল করেছিল বিশ্বব্যাংক।
তবে বিশ্বব্যাংক তাদের দাবির পক্ষে কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেনি। পরে ২০১৭ সালে কানাডার আদালত পদ্মা সেতুতে ঘুষের ষড়যন্ত্রের কোনো তথ্য-প্রমাণ পায়নি।
আর এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার এই অভিযোগ মিথ্যা বলে এসেছেন এবং স্ব-অর্থায়নে গত বছরের ২৫ জুন সেতুটি উদ্বোধন করেন তিনি। আর সোমবার সেই বিশ্বব্যাংকেই পদ্মা সেতুর চিত্রকর্ম উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তবে নিজস্ব অর্থে বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু নির্মাণ শেষে উদ্বোধনের ঠিক আগে সংস্থাটি বলছে, পদ্মা সেতু বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে বিশাল অবদান রাখবে। বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সঙ্গী হিসেবে বিশ্বব্যাংক স্বীকার করে যে, পদ্মা সেতু বাংলাদেশের জনগণ ও অর্থনীতির জন্য বহুমাত্রিক সুবিধা বয়ে আনবে। এই সেতু দেশে সমন্বিত প্রবৃদ্ধি অর্জনে গতি সঞ্চার এবং দারিদ্র্য কমাতে ভূমিকা রাখবে। আর সেই বিশ্বব্যাংক নিজেই এখন পদ্মা সেতুর বিপুল সম্ভাবনা নিয়ে উচ্ছ্বসিত।
ইউএইচ/এইচআই