নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৪ মে ২০২৩ ১০:৫০
বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর
মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য খুবই জরুরি একটি উপাদান। মানুষ ঠিক কতদিন না খেয়ে থাকতে পারবে তা নির্ভর করে অনেক বিষয়ের ওপর। মানবদেহের ওজন, রক্তে শর্করার পরিমাণ, হার্টের স্বাস্থ্য সব মিলিয়েই নির্ভর করে মানুষ কতদিন কিছু না খেয়ে বেঁচে থাকতে পারে। এ নিয়ে বিস্তারিত থাকছে বেঙ্গলনিউজ টোয়েন্টিফোরের আজকের প্রতিবেদনে-
মানুষ একদম কোনো কিছু না খেয়ে ঠিক কত দিন বেঁচে থাকতে পারবে তা হিসাব করা কঠিন। তবে এটা বলা যায়, খাদ্য বা পানি ছাড়া বেঁচে থাকার সীমা নির্ভর করে কিছু নিয়ামকের ওপর। ভুক্তভোগীর বয়স, শারীরিক সুস্থতা, ওজন, কাজের মাত্রা, জীনগত বৈশিষ্ট্য, মনোবল, পরিবেশের তাপমাত্রা ইত্যাদির ওপর বেঁচে থাকা নির্ভর করে। অসুস্থ একজনের তুলনায় সুস্থদেহের একজন ব্যক্তি না খেয়ে বেশি দিন বেঁচে থাকতে পারবেন। আবার যাদের ওজন বেশি, বিশেষ করে চর্বি বেশি, তাদের সঞ্চিত শক্তি বেশি থাকায় তারা বাঁচবেন বেশি দিন।
তবে না খেয়ে কত দিন বাঁচা সম্ভব এর কোনো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উত্তর নেই। তবুও পানি পান করলে ও আবহাওয়া অনুকূলে থাকলে একজন সুস্থ পূর্ণবয়স্ক ব্যক্তি অন্তত দুই মাস বেঁচে থাকতে পারে। অন্যদিকে প্রয়োজনীয় পরিমাণ পানি পান না করলে ওই একই ব্যক্তির পক্ষে দুই সপ্তাহের বেশি বেঁচে থাকা সম্ভব হবে না।
ইউএইচ/