ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০১ জুন ২০২৩ ১০:৩৫
ছবি : সংগৃহীত
২০২৩-২৪
অর্থবছরের জন্য জাতীয় সংসদে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী
আ হ ম মুস্তফা কামাল। বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লাখ কোটি টাকা।
এর মধ্যে এনবিআরের লক্ষ্যমাত্রা ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা। ঘাটতি আড়াই লাখ কোটি টাকার
বেশি। জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৫ শতাংশ আর মূল্যস্ফীতির বার্ষিক হারের
লক্ষ্য থাকছে ৬ দশমিক ৫ শতাংশ। আগামী ২৬ জুন এই বাজেট পাস হবে।
প্রতিবছরই
বাজেট ঘোষণার পর কিছু কিছু পণ্যের দাম বাড়ে, আবার কোনো কোনো পণ্যের দাম কমেও। অর্থমন্ত্রীর
বাজেট প্রস্তাব অনুযায়ী আমদানি করা সফটঅয়্যার, মোবাইল হ্যান্ডসেট, সব ধরনের প্লাস্টিক
পণ্য, টিস্যু, কলম, অ্যালুমিনিয়াম পণ্য, লিফট, সিগারেট, ই-সিগারেট ও ভেপোরাইজিং ডিভাইস
ও এর যন্ত্রাংশ, গাড়ি, জমি, এলপিজি সিলিন্ডার, থালাবাসন, বিদেশি সাবান, সানগ্লাস, সিমেন্ট
বা নির্মাণমাসগ্রী, কাজুবাদাম, বাসমতি চাল, ফল, সাইকেলের দাম বাড়বে। ভ্রমণ কর বাড়ানোর
প্রস্তাব আসায় বাড়তে পারে বিদেশে যাওয়ার খরচ।
এদিকে দাম
কমছে ক্যান্সার, ম্যালেরিয়া ও যক্ষ্মার ওষুধ, মিষ্টিজাতীয় খাবার, অপটিক্যাল ফাইবার
কেবল, হাতে তৈরি বিস্কুট, পশু খাদ্য, কৃষি যন্ত্র, পানি প্রক্রিয়াকরণ যন্ত্র, উড়োজাহাজের
ইঞ্জিন ও যন্ত্রাংশ, মাংস ও মাংসজাত পণ্য, স্থানীয়ভাবে উৎপাদিত এলইডি বাল্ব ও সুইস
এবং সকেটের দাম কমতে পারে। প্রস্তাবিত বাজেটে ই-কমার্স প্রতিষ্ঠানের বিক্রির ওপর ৫
শতাংশ হারে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে তাদের ডেলিভারি চার্জ কমবে।
এদিকে প্রস্তাবিত
বাজেটে ন্যূনতম আয়কর ২ হাজার টাকা করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা
কামাল। অর্থাৎ করমুক্ত সীমার নিচে আয় রয়েছে অথচ সরকার থেকে সেবাগ্রহণের ক্ষেত্রে আয়কর
রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা আছে, এমন করদাতাদের ন্যূনতম কর ২ হাজার টাকা করার প্রস্তাব
করা হয়েছে। একই সঙ্গে প্রস্তাবিত বাজেটে মাসিক বয়স্ক ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকায়
উন্নীত করা হয়েছে। আর বিধবা ও স্বামী নিগৃহীতা নারীর ভাতা ৫০ টাকা বাড়ানো হয়েছে।
জেডএস/