ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০৫ জুন ২০২৩ ০৮:২১



বিনোদন দুনিয়া : ঈদুল আজহায় যেসব সিনেমা মুক্তি পাবে

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০৫ জুন ২০২৩ ০৮:২১


ছবি : সংগৃহীত

দেশের সিনামাপ্রেমীদের ঈদের খুশি আরও বাড়িয়ে দিতে প্রত্যেক ঈদেই মুক্তি দেয় হয় নতুন নতুন চলচ্চিত্র। দর্শকদের সামনে তুলে ধরা হয় ভিন্ন ধরনের কাজ। তারই ধারাবাহিকতায় ঈদুল আজহায় দেশজুড়ে মুক্তি পাচ্ছে আটটি সিনেমা।

রাজধানীর সিনেপ্লেক্স থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে থাকবেন শাকিব খান, বুবলী, অপু বিশ্বাস, মিম ও মাহফুজের মতো তারকারা। তাদের অভিনীত সিনেমা মুক্তি দেয়ার জন্য পরিচালকদের মাঝে ইতোমধ্যে শুরু হয়েছে তোড়জোড়। চলছে শেষ মুহূর্তের শুটিং, ডাবিং ও প্রচারের প্রস্তুতি।

তবে বরাবরের মতো ঈদ মানেই হলে সুপারস্টার শাকিবের দাপট। কোরবানি ঈদকে ঘিরে মুক্তির অপেক্ষায় শাকিব খানের ‘প্রিয়তমা’। সিনেমাটি নির্মাণ করছেন হিমেল আশরাফ। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যাবে টালিগঞ্জের নায়িকা ইধিকাকে। হিমেল আশরাফ জানান, ‘প্রিয়তমা’ সিনেমাটি কোরবানি ঈদকে টার্গেট করে তৈরি করা হচ্ছে। অ্যাকশন ও রোমান্টিক এই সিনেমাটির শুটিং শুরু হয়েছে মে থেকে।

রায়হান রাফীর পরিচালনায় এবার ঈদে বড় পর্দায় হাজির হতে চলেছেন টিভি পর্দার জনপ্রিয় মুখ আফরান নিশো। সিনেমার নাম ‘সুড়ঙ্গ’। এতে নিশোর বিপরীতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী তমা মির্জা। আসন্ন কোরবানির ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

দীর্ঘ বিরতির শেষে পর্দায় ফিরেছেন টিভি নাটকের তুমুল জনপ্রিয় এবং সিনেমার প্রশংসিত নায়ক মাহফুজ আহমেদ। আসন্ন ঈদুল আজহায় চিত্রনায়িকা বুবলীর সঙ্গে জুটি বেঁধে পর্দায় প্রত্যাবর্তন করবেন চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ সিনেমা দিয়ে। ইতোমধ্যে সিনেমার গানগুলো বেশ ভালো দর্শকপ্রিয়তা পেয়েছে।

সাইবার যুদ্ধের গল্প নিয়ে নির্মিত ‘অন্তর্জাল’ সিনেমাটি পরিচালনা করেছেন দীপংকর দীপন। আসছে কোরবানি ঈদে সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে। ‘অন্তর্জাল’র গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। এই সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিমকে। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির টিজার।

গত রমজান ঈদে সরকারি অনুদানের সিনেমা ‘লাল শাড়ি’ মুক্তির কথা থাকলেও এ বছর কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি দেয়ার শতভাগ সম্ভাবনা আছে বলে জানান সিনেমাটির পরিচালক বন্ধন বিশ্বাস। তিনি জানান, এটা অনুদানের সিনেমা হওয়ায় মন্ত্রণালয়ে প্রিভিউ করে মুক্তির পথে আগাতে হবে। এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন অপু বিশ্বাস ও সাইমন সাদিক।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈকত নাসির নির্মাণ করেছেন ‘ক্যাসিনো’ শিরোনামের সিনেমা। ঈদুল আজহাতে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব হোসেন এবং চিত্রনায়িকা বুবলী।

বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড পরিচালক আসিফ আকবর নির্মাণ করেছেন ‘এমআর-নাইন’ সিনেমা। সিনেমায় মাসুদ রানার ভূমিকায় অভিনয় করেছেন এ বি এম সুমন। জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে হলিউডের অ্যাভেইল এন্টারটেইনমেন্ট।

২০২১ সালের মে মাসে শুরু হয়েছিল ‘রিভেঞ্জ’ সিনেমার কাজ। গত বছর এফডিসিতে এই সিনেমার দৃশ্যয়নের কাজ শেষ হয়। অ্যাকশন ঘরানার এই সিনেমাটি পরিচালনা করেছেন প্রযোজক ও পরিচালক মোহাম্মাদ ইকবাল। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী ও চিত্রনায়ক জিয়াউল রোশান।

জেডএস/এইচআই