নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০৬ জুন ২০২৩ ০৮:৪২



দেশি-বিদেশি সহস্র প্রজাতির গাছ নিয়ে রাজধানীতে চলছে মাসব্যাপী বৃক্ষমেলা

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০৬ জুন ২০২৩ ০৮:৪২


ছবি : বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

ছোট ছোট গাছে ঝুলে আছে আম, জাম, কাঁঠাল, ডালিম, লেবু, জাম্বুরাসহ নানান ফল। পাশেই শোভা পাচ্ছে জাতীয় ফুল শাপলা থেকে শুরু করে বেলী, গোলাপ কিংবা বাগানবিলাস। এমন দৃশ্যের দেখা মিলল রাজধানীর শেরেবাংলা নগরের বৃক্ষমেলায়। এবারের জাতীয় বৃক্ষমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’।

মেলায় ৭৩টি স্টলে দেশি-বিদেশি সহস্র প্রজাতির ফলদ, বনজ ও শোভাবর্ধক গাছের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই আসছেন মেলায় পছন্দের গাছটি কিনতে। শহরের অল্প জায়গায় কম সময়ে ফল খাওয়া যায় বলে ছাদ বাগানের উপযোগী এমন চারা গাছের কদর দিন দিন বাড়ছে। বৃক্ষমেলায় রয়েছে বিচিত্র রকমের অর্কিডের সমারোহ। আমদানি করা বিদেশি প্রজাতির অর্কিডের পাশাপাশি রয়েছে দেশীয় অর্কিড।

পাশাপাশি থাকছে গৃহসজ্জায় শোভাবর্ধনকারী ইন্ডোর প্লান্ট ও শোপিস। শহরে গাছ লাগাতে টপ অপরিহার্য। মেলায় পাওয়া যাচ্ছে বিচিত্র রকমের ডিজিটাল টপ; যা আকৃষ্ট করছে দর্শনাথীদের। পাশাপাশি মিলছে মধু, খাটি সরিষার তেল, আচারসহ ঘরে তৈরি নানান সামগ্রী। মেলা চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত। দর্শনার্থীদের জন্য মেলায় প্রবেশে লাগছে না কোন ফি।

জেডএস/এইচআই