আত্রাই (নওগাঁ) সংবাদদাতা, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৩ জুন ২০২৩ ০৪:৪৪
ছবি-বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
নওগাঁর আত্রাই উপজেলায় আসন্ন ঈদুল আজহাকে
সামনে রেখে কোরবানির উদ্দেশ্যে বিক্রির জন্য সবচেয়ে বড় গরুর সন্ধান মিলেছে উপজেলার
সাহেবগঞ্জ গ্রামের ফিরোজ হোসেনের খামারে। আদর করে এটার নাম রেখেছেন 'সম্রাট'। কালো-সাদা
রঙের মিশ্রণের ফ্রিজিয়ান জাতের গরুটির ওজন প্রায় ৩৫ মণ। লম্বায় ৮ ফুট ও উচ্চতায় ৫.৫
ফুট। এটার বয়স প্রায় ৪০ মাস।
পাঁচুপুর ইউনিয়নের সাহেরগঞ্জ গ্রামের নূরুল
ইসলামের ছেলে ফিরোজ। পেশায় একজন ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি ১৫ বছর আগে ছোট পরিসরে
একটি গরুর খামার করেন তিনি। এখন তার খামারে ছোট-বড় মিলে ১০টি গরু আছে। প্রায় সারে
তিন বছর আগে তার খামারে জন্ম হয় ফ্রিজিয়ান জাতের একটি ষাঁড় বাছুর। আর তখনই আদর করে
গরুটির নাম রাখা হয়েছিল 'সম্রাট'। সময়ের ব্যবধানে এখন সেই সম্রাট এখন বিশাল আকারের। সম্রাট’কে দেখতে প্রতিবেশীসহ বিভিন্ন গ্রাম থেকে প্রতিদিনই লোকজন ছুটে আসছে।
গরুটি দেখতে আসা প্রতিবেশী আবদার হোসেন
বলেন, ‘আমার জানা মতে এই গরু উপজেলার মধ্যে সব চেয়ে বড়। গরুটি বিক্রি করে মালিক যেন
ন্যায্য মূল্য পান এই দোয়া করছি।’
খামার মালিক ফিরোজ বলেন, ‘আমি এই গরুটিকে
অনেক কষ্ট করে আমার সন্তানের মতো লালন-পালন করেছি। উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের
পরামর্শে কোনো ক্ষতিকর ওষুধ ব্যবহার ছাড়াই দেশী খাবার খাইয়েছি। এখন সম্রাটের ওজন হয়েছে
প্রায় ৩৫ মণ। আমি এটার দাম চেয়েছি ১৫ লাখ টাকা।’
গরুর খাবারের পেছনে অনেক খরচ হয় বলেই এ
বছর এটাকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আশা করছি খামার থেকেই
গরুটি বিক্রি হয়ে যাবে।’
জেবি/