শ্রীমঙ্গল প্রতিনিধি

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৯ আগস্ট ২০২৩ ০৮:০৬



শ্রীমঙ্গলে চা বাগানগুলোতে চলছে ঝুলনযাত্রা উৎসব

শ্রীমঙ্গল প্রতিনিধি, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৯ আগস্ট ২০২৩ ০৮:০৬

শ্রীমঙ্গলে চা বাগানগুলোতে চলছে ঝুলনযাত্রা উৎসব

ছবি : বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

হিন্দু ধর্মে বারো মাসে তের পার্বণ। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব হল ঝুলনযাত্রা। মনে করা হয়, রাধা-কৃষ্ণের লীলা হলো ঝুলনযাত্রা। এ সময় নবদ্বীপ, মায়াপুর, মথুরা, বৃন্দাবনসহ গোটা দেশের বিভিন্ন স্থানে জাঁকজমকপূর্ণভাবে পালিত হয় এই উৎসব।

সুপ্রাচীন এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে নানা সামাজিক ও পৌরাণিক তাৎপর্য। শ্রীকৃষ্ণের ভক্তদের কাছে ও বাংলার ঐতিহ্যবাহী উৎসব হিসেবে ঝুলন যাত্রা একটি গুরুত্বপূর্ণ উৎসব। তবে বর্তমানে শহরাঞ্চলে এই উৎসবের রেশ ক্ষীণ হয়ে আসছে। কিন্তু আজও চা বাগানে  বাংলার এই ঐতিহ্য টিকে রয়েছে।

ঝুলনের আরেক অর্থ দোলনা। এদিন শ্রীকৃষ্ণের জন্য দোলনা সাজানো হয়। আর সেই দোলনায় বসিয়ে শ্রীকৃষ্ণ ও রাধাকে দোল দেওয়া হয়। ঝুলনযাত্রার দিন শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমের পূর্ণ প্রকাশ ঘটেছিল বলে অনুমান করা হয়।

বৃন্দাবনে রাধা-কৃষ্ণর শৈশব-স্মৃতি, বিশেষ করে সখা-সখীদের সঙ্গে দোলনায় দোলার প্রেমলীলাকে কেন্দ্র করে দ্বাপরযুগে এই ঝুলন উৎসবের সূচনা হয়েছিল। একইভাবে দীর্ঘকাল ধরে শ্রীমঙ্গল উপজেলায় ঝুলনযাত্রা উৎসব পালন করে আসছে চা বাগানের শ্রমিকরাও।

ঝুলন যাত্রা উপলক্ষ্যে শ্রীমঙ্গল ভূড়ভূড়রিয়া চা বাগানে বসে মেলা। এতে চা বাগানের শ্রমিকদের সন্তানেরা নাগরদোলা চড়কি বিভিন্ন রাইটে চড়ে। বাহারি ধরনের জুয়েলারী শপে চুড়ি, মেহেদী, চুলে ব্যান্ড, বয়াগ এসব কিনতে কিশোরীরা ভিড় করে। মেলায়  হাতের তৈরি মোয়া, জিলাপি মিষ্টি, নিমকি, চানাচুড় ভাজা চটপটি খেতে দোকান গুলোতে ভিড় জমায়।

এর পর থেকে এখনও গৌড়ীয় বৈষ্ণবদের এটা প্রিয় অনুষ্ঠান। এই দিনে কয়েকটি চা বাগানে বিশেষ কিছু কাজের মাধ্যমে শ্রীকৃষ্ণের পূজা করা হয়। এছাড়া ভক্তিমূলক গান, নাচের আয়োজন করা হয়। 

মনে করা হয়, ঝুলন উৎসবে রাধা-কৃষ্ণের পুজো করলে সংসারে সুখ-সমৃদ্ধি ভরে ওঠে। এদিন রাধা-কৃষ্ণকে হলুদ বস্ত্র দিয়ে সাজিয়ে, হলুদ ফুল উৎসর্গ করা শুভ। কৃষ্ণকে ময়ূরের পালক দিয়ে সাজিয়ে, ঘিয়ের প্রদীপ জ্বালানো হয়। আর অবশ্যই এদিন পুজোর আগে রাধা-কৃষ্ণের পায়ে তুলসি পাতা অর্পণ করে থাকেন।

এ বছর এই ঝুলনযাত্রা শুরু হয়েছে শনিবার  (২৬ ই আগষ্ট)। যা চলবে পুরো ৬ দিন। অর্থাৎ আগামী বৃহস্পতিবার (৩০ আগষ্ট) এই উৎসব শেষ হবে।  

জেডএস/