মৌলভীবাজার প্রতিনিধি, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৬ অক্টোবর ২০২৩ ০৮:০৩
ছবি : সংগৃহীত
মৌলভীবাজারের
কমলগঞ্জে নির্মিত দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রটি আগামী ৩০ অক্টোবর
উদ্বোধন করা হবে। ইতোমধ্যেই মসজিদটির নির্মাণ কাজ শেষ হয়েছে। তিন তলা বিশিষ্ট এ মডেল
মসজিদটি উদ্বোধন হলে একসঙ্গে পুরুষ ও নারী মিলে প্রায় ৬০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
সরেজমিন মসজিদটি ঘুরে দেখা যায়, কমলগঞ্জ চৌমুহনা থেকে আদমপুর রোডের পাশেই কামারগাও গ্রামে নির্মিত হয়েছে এ মডেল মসজিদটি। মসজিদের সৌন্দর্যে মুগ্ধ হবেন যে কেউ। নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছে সিকিউরিটি গার্ড রুম। রয়েছে গাড়ি পার্কিং জোন। পুরুষদের পাশাপাশি নারীদের জন্যও রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থাসহ অজু ও নামাজ আদায়ের আলাদা ব্যবস্থা। ইমাম প্রশিক্ষণকেন্দ্র, গবেষণা কেন্দ্র, ইসলামিক লাইব্রেরি, দাফনের আগের আনুষ্ঠানিকতা, কোরআন শিক্ষার ব্যবস্থাসহ বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে।
জানা যায়, গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে নির্মাণাধীন মডেল মসজিদের ভৌত অবকাঠামো বাস্তবায়িত হচ্ছে। ২৯ হাজার ৬০০ বর্গফুট এরিয়ার মসজিদের চুক্তিমূল্য ধরা হয়েছে ১২ কোটি ৬৬ লাখ টাকা। এক সঙ্গে প্রায় ৬০০ জন মুসল্লি নামাজের সুবিধা পাবেন। এর বাস্তবায়নকারী সংস্থা ইসলামিক ফাউন্ডেশন। আগামী ৩০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় জাতীয় ইমাম সম্মেলন থেকে আনুষ্ঠানিকভাবে এ মসজিদটি উদ্বোধন ঘোষণা করবেন।
স্থানীয়রা
জানায়, দীর্ঘদিন পর মডেল মসজিদের কাজ শেষ হয়েছে। পুরো উপজেলায় এটি সর্ব প্রথম মসজিদ।
আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি এই মসজিদে নামাজ আদায় করার জন্য।
কমলগঞ্জ
পৌর মেয়র জুয়েল আহমেদ জানান, ‘ইতোমধ্যে এই মডেল মসজিদটি নির্মাণ কাজ শেষ হয়েছে।
কমলগঞ্জবাসী এই দৃষ্টিনন্দন মডেল মসজিদে নামাজ পড়তে অধির আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন।
বাংলাদেশের ইতিহাসে একমাত্র প্রধানমন্ত্রী সারাদেশের প্রতিটি জেলা ও উপজেলাতে কোটি
কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন মডেল মসজিদ জেলাও উপজেলাবাসীকে উপহার দিয়েছেন। আমি এই
সফল প্রধানমন্ত্রীর উত্তর উত্তর সাফল্য কামনা করছি।’
ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক আনোয়ারুল কাদির বলেন, মৌলভীবাজার জেলার মধ্যে সবার প্রথমে কমলগঞ্জ উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কাজ শেষ হয়েছে। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। মডেল মসজিদের মধ্যে একজন মুসল্লির সব ধরনের সুযোগ সুবিধা পাবেন।
এ বিষয়ে মৌলভীবাজার গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হাসান বলেন, ইতিমধ্যে মসজিদের প্রায় সকল কাজ সম্পন্ন করা হয়েছে। দৃষ্টিনন্দন মডেল মসজিদে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে।
জেডএস/