মৌলভীবাজার প্রতিনিধি

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০২ ডিসেম্বর ২০২৩ ০৪:০৫



কমলগঞ্জে অয়েকপম ফাউন্ডেশনের মেধা-বৃত্তি পরীক্ষা সম্পন্ন

মৌলভীবাজার প্রতিনিধি, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০২ ডিসেম্বর ২০২৩ ০৪:০৫

কমলগঞ্জে অয়েকপম ফাউন্ডেশনের মেধা-বৃত্তি পরীক্ষা সম্পন্ন

ছবি : বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

অয়েকপম ফাউন্ডেশন এর ফাউন্ডার যুক্তরাষ্ট্র প্রবাসী অয়েকপম বিজন ও তার ছোট বোন অয়েকপম অঞ্জুর তত্ত্বাবধানে মৌলভীবাজারের কমলগঞ্জের সরকারি, বেসরকারি ও বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ৫৮২ জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

অয়েকপম ফাউন্ডেশনের আয়োজনে আজ শনিবার (২ ডিসেম্বর) সকাল ১০ থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলার আদমপুর তেতইগাঁও রশিদ উচ্চবিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সরেজমিনে গিয়ে জানা যায়, কমলগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সহায়তায় কমলগঞ্জ উপজেলার ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় হতে ৫ম শ্রেণির মোট ৫৮২ জন মেধাবী শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন।  এ সময় হল পর্যবেক্ষণে ২৪জন শিক্ষক-শিক্ষিকা দায়িত্ব পালন করেন। বাংলা, গণিত, ইংরেজী, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়সহ ১০০ নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালীন কমলগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দাল হোসেন, সাবেক চেয়ারম্যান সাব্বির আহমেদ ভূঁইয়া, কমলগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম গোলাম ফারুক মীর, দৈনিক বাংলা পত্রিকার কমলগঞ্জ-শ্রীমঙ্গল প্রতিনিধি মুজিবুর রহমান রঞ্জু, বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্টের সভাপতি সাজ্জাদুল হক স্বপন, বাংলাদেশ স্কাউটস কমলগঞ্জ উপজেলা সম্পাদক ও মঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাহিদ আলী প্রমুখ।

পরিদর্শনকালে তারা বলেন, সামাজিক সংগঠন অয়েকপম ফাউন্ডেশনে মেধা বৃত্তি পরীক্ষার আয়োজন শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবি ও সংগঠন শিক্ষক অয়েকপম অঞ্জু’র উদ্যোগকে তারা স্বাগতম জানিয়ে আরও বলেন, প্রতিটি সামাজিক সংগঠন যদি অয়েকপম ফাউন্ডেশনের মতো এই রকম সৃজনশীল উদ্যোগ নেওয়া হয়, তাহলে দেশের শিক্ষার হার আরও অগ্রগতি হবে।

মেধা বৃত্তি পরীক্ষার হল পর্যবেক্ষণে দায়িত্বে থাকা পরিষদের নেতৃবৃন্দরা বলেন, আমরা সবাই মিলে শিক্ষাক্ষেত্রে এ ধরনের উদ্যোগ নিলে সমাজ ও দেশ উপকৃত হবে।

অয়েকপম অঞ্জু বলেন, প্রতিষ্ঠার শুরু থেকে সামাজিক দায়বদ্ধতার আলোকে অয়েকপম ফাউন্ডেশন সামাজিক উন্নয়ন কর্মসূচির মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এর আগেও এইচএসসি ২০২১ এ এ+ প্রাপ্ত মণিপুরী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান ও সংবর্ধনা জানানো হয়।

উল্লেখ্য, অয়েকপম অঞ্জু সাহিত্যাঙ্গনে এক সুপরিচিত নাম। সাহিত্যে অবদানের জন্যে অনেক সম্মাননা পদক পেয়েছেন।

জেডএস/