ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০৬ ফেব্রুয়ারি ২০২৪ ১০:১২



সংরক্ষিত নারী আসনে দুই একজন অভিনেত্রী আসবে: কাদের

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০৬ ফেব্রুয়ারি ২০২৪ ১০:১২

সংরক্ষিত নারী আসনে দুই একজন অভিনেত্রী আসবে: কাদের

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের বিভিন্ন নির্বাচনে সাংস্কৃতিক কর্মীরা কাজ করে। ইনটেনসিভ ক্যাম্পেইনেও তারা অনেকেই ছিল। আবার বিভিন্ন সময় উপ-নির্বাচনে তারা অংশ নেয়। এখানে আমাদের কমিটির কিছু লোকও আছে। সেটা কালচারাল অঙ্গনেও আছে। সেখান থেকে দুই একজন আসবেই। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

ওবায়দুল কাদের বলেন, সাকিব আল হাসানও এক ধরনের অভিনেতা। তারপর ফেরদাউস আসছে। তারা তো আসবেই, তারাতো বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা নয়। তারা আমাদের সঙ্গে চিন্তায় মননে একই আছে। ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গে দেখা যায় সিনেমার লোকদের আসাটা অনেক বেশি। বিধানসভায় বোধহয় বিশজনের কম নয়, আরও অনেক বেশি। 

এদিন সকাল ১০টায় রাজধানীর গুলিস্তানে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ফরম বিক্রি শুরু হয়। তখন থেকেই তা কিনতে দলীয় কার্যালয়ের সামনে সমর্থকদের নিয়ে হাজির হতে থাকেন মনোনয়নপ্রত্যাশী নারী প্রার্থীরা। এসময় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন বিনোদন জগতের কয়েকজন তারকা। এর মধ্যে রয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, নিপুণ আক্তার ও শাহনূর।

এর আগে রোববার (৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম বিক্রির তারিখ জানায় আওয়ামী লীগ। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে।

এমএইচ/