বিনোদন ডেস্ক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৯ ফেব্রুয়ারি ২০২৪ ০৩:৫৫



‘জবা’কে পেয়ে স্বপ্নপূরণের পথে জিয়ান

বিনোদন ডেস্ক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৯ ফেব্রুয়ারি ২০২৪ ০৩:৫৫

‘জবা’কে পেয়ে স্বপ্নপূরণের পথে জিয়ান

ছবি: সংগৃহীত

এ সময়ের তরুণ অভিনয়শিল্পী সাদাব হাশমি জিয়ান ব্যস্ত সময় পার করছেন নাটকে। দীপ্ত টিভিতে প্রচারিত মেগাসিরিয়াল ‘জবা’তে তার অভিনয় প্রশংসা কুড়াচ্ছে। এতে তিনি বিপুল চরিত্রে অভিনয় করেছেন। নাটক ছাড়াও বিজ্ঞাপনে তিনি বেশ ধারাবাহিক। বিডি ক্লিন, বিকাশ ডিওয়ান কাপ, ক্যাম্পাসবিডি.নেট সহ বিভিন্ন বিজ্ঞাপনে মডেল হিসেবে তার নিয়মিত কাজগুলো সেই ধারাবাহিকতারই প্রমাণ দেয়।

তবে তার শুরুটা থিয়েটারেই। বাতিঘর নাট্যদল ও ভারতের নাট্যশাস্ত্র নাট্যদলে বেশ কয়েকটি প্রযোজনায় অভিনয় করেন জিয়ান। মাংকি ট্রায়াল, ভগবান পালিয়ে গেছে, হ্যামলেট, এনি ডিড নট নো, ক্র্যাডেলস মঞ্চে তার উল্লেখ্যযোগ্য কাজ।

শৈশবে গল্প শোনার ঝোঁক ছিল। সেখান থেকেই মননে তৈরি হয় গল্পের বিভিন্ন ধারা। সময়ের সাথে সাথে ফটোগ্রাফি, গল্প বলা, উপস্থাপনার মতো সৃজনশীল কাজগুলো নেশার মতো টানতে থাকে। তাই স্কুল কলেজের বিভিন্ন অনুষ্ঠানে ডাক পড়তো জিয়ানের।

উচ্চ মাধ্যমিক শেষ হয়। গতানুগতিকতার বাইরে গিয়ে নতুন কিছুর তাগিদে ভর্তি হন ভারতের ছত্রিশগড়ের কালিঙ্গ ইউনিভার্সিটিতে। জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশন বিভাগে মেজর হিসেবে নেন স্ক্রিন অ্যাক্টিং। ২০২২ সালে শেষ করেন গ্রাজুয়েশন।

এরপর কাজ শুরু করেন বিজ্ঞাপন সংস্থায়। দক্ষতা থাকায় ইংরেজি কপিরাইটার হিসেবে পার্ট টাইম কাজ পেতে অসুবিধা হয়নি। এছাড়াও ছবি তোলা, বই পড়া, লেখালেখি তার ভাল লাগার কাজ।

স্বপ্নের পথ সব সময়ই বন্ধুর, কঠিন। কেউ সেপথে হাঁটা দেয় গন্তব্য না জেনেই। আর কেউ দূর থেকেই এবড়ো থেবড়ো পথের শেষটুকু দেখে নেয়। জিয়ানের অভিনয় করার স্বপ্নটা পূরণ হচ্ছে ধীরে ধীরে। সবে তো শুরু। জবা শুরুর সেই পথ তৈরি করে দিয়েছে। 

এসএএল/