ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৭ জুলাই ২০২৪ ০৭:৫০
ছবি: সংগৃহীত
কোটা
সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকাসহ দেশের
৭ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও বগুড়ার পর বুধবার (১৭
জুলাই) নতুন তিন জেলা- রংপুর, ফরিদপুর ও কক্সবাজারে বিজিবি মোতায়েন করা হয়।
এর
আগে মঙ্গলবার (১৬ জুলাই) আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে
ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী ও বগুড়ায় বিজিবি মোতায়েন করা হয়। ওইদিন বিকেলে বিজিবির
জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
সারাদেশে
চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষের জেরে
মঙ্গলবার শিক্ষার্থীসহ ৬ জন নিহত হয়েছেন। এরমধ্যে চট্টগ্রামে তিনজন ছাড়াও রাজধানী ঢাকায়
দুইজন ও রংপুরে একজন নিহত হয়েছেন।
এদিকে,
সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বুধবার (১৭
জুলাই) দুপুর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী
বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ
বেশকিছু বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে
শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।
অন্যদিকে,
কোমলমতি শিশুদের নিরাপত্তা বিবেচনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ৮টি
বিভাগীয় শহরের সিটি করপোরেশনের আওতাভুক্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ
ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালিত লার্নিং
সেন্টারসমূহে শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক
ও গণশিক্ষা মন্ত্রণালয়।
এমএইচ/