ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৬ জুলাই ২০২৪ ১০:০৫
ছবি: সংগৃহীত
না ফেরার দেশে পাড়ি জমালেন ব্যান্ড তারকা শাফিন আহমেদ। যুক্তরাষ্ট্রে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৬টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার সেন্টারা হাসপাতালে মারা গেছেন তিনি। তার বয়স হয়েছিল ৬৩ বছর। কনসার্টে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাফিন আহমেদ। এর মধ্যেই তার মৃত্যুর খবর এসেছে।
শাফিন আহমেদকে তার বাবা সুরকার কমল দাশগুপ্তের কবরে সমাহিত করা হবে। পরিবার সূত্রে জানা গেছে, বনানী কবরস্থানে বাবার কবরে সমাহিত করা হবে শাফিন আহমেদকে। পাশে তার মা সংগীতশিল্পী ফিরোজা বেগমের কবর রয়েছে। ১৯৭৪ সালে মারা গেছেন কমল দাশগুপ্ত। ফিরোজা বেগমকে বিয়ের পর ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলেন তিনি।
শাফিন আহমেদের জন্ম ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি। সংগীত পরিবারে জন্ম শাফিন আহমেদের। বাবা কমল দাশগুপ্তের কাছে তিনি যেমন উচ্চাঙ্গসংগীত শিখেছেন আর মা ফিরোজা বেগমের কাছে শিখেছেন নজরুলসংগীত। এরপর বিদেশে পড়াশোনার কারণে পাশ্চাত্যর সংস্পর্শে ব্যান্ডসংগীতের প্রতি আকৃষ্ট হন শাফিন। ১৯৭৯ সালে গঠিত হয় বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘মাইলস’। এর কিছুদিন পর এতে যুক্ত হন দুই ভাই—শাফিন ও হামিন।
শাফিন আহমেদের গাওয়া তুমুল জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে ‘আজ জন্মদিন তোমার’, ‘চাঁদ তারা সূর্য’, ‘জ্বালা জ্বালা জ্বালা...এ অন্তরে’, ‘ফিরিয়ে দাও হারানো প্রেম’, ‘ফিরে এলে না’, ‘হ্যালো ঢাকা’, ‘জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন’ প্রভৃতি।
এমএইচ/