ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২১ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৫৬
ছবি: সংগৃহীত
পর্বতারোহী শায়লা বিথীর ওপর হমালার ঘটনায় সিসি ক্যামেরায় সন্দেহভাজন একজনকে শনাক্ত করেছে পুলিশ। পুলিশ জানায়, ঘটনাস্থলে কোনও সিসি ক্যামেরা নেই। তবে ঘটনার সময় পাশের একটি সিসিটিভি ক্যামেরা এক ব্যক্তিকে দৌড়ে পালাতে দেখা গেছে। এ বিষয়ে তাকে সন্দেহ করা হচ্ছে।
শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মো. আনিসুর রহমান বলেন, পর্বতারোহী শায়লা বিথীর ওপর হামলার অভিযোগে ঘটনার পাশের সিসি ক্যামেরা যাচাই করা হচ্ছে। একটি ফুটেজে সন্দেহভাজন একজনকে শনাক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে তাকে টোকাই মনে হচ্ছে। তবে আমরা আরও জানার চেষ্টা করছি।
এর আগে শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে ফুটওভার ব্রিজ পার হওয়ার সময় তার ওপর হামলার অভিযোগ ওঠে। পরে তিনি শেরেবাংলা নগর থানায় একটি লিখিত অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে জানতে চাইলে শায়লা বিথী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শনিবার দুপুর ২টার দিকে মাদার কেয়ার হাসপাতালের সামনে দিয়ে ফুটওভার ব্রিজে ওঠেন। পরে অন্য পার দিয়ে নামার সময় সিঁড়িতে অজ্ঞাতনামা এক ব্যক্তি পেছন থেকে আমার মাথার চুল ধরে টান দিয়ে টেনেহিঁচড়ে আমাকে নিচে ফেলে দেয় এবং আমাকে মারধর করে জখম করে। আমি চিৎকার করলে ওই ব্যক্তি দৌড়ে চলে যায়। তবে আমার কোনও কিছু ছিনিয়ে নেয়নি।’
কে বা কারা এটা করেছে, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কাউকে দেখিনি। ঘটনার সঙ্গে সঙ্গে আমি ট্রমায় পড়ে যাই। পেছন থেকে ফিরে তাকানোর মতো সাহস পাইনি।’
ধানমন্ডি গভমেন্ট বয়েজ স্কুলের সামনে টিএনটি ফোন ক্যাবলের কাজ করছিরেল কয়েকজন ব্যক্তি। তারা জানান, দুপুরে ফুটওভার ব্রিজ থেকে নেমে এক নারী কান্নাকাটি করছিলেন। তাকে কেউ মারধর করেছে, এমনটা তার কাছ থেকে শুনছিলেন। তবে তারা কাউকে দেখেননি।
এ ঘটনায় মামলা করবেন কি না, জানতে চাইলে শায়লা বলেন, ‘আমার স্বামী দেশের বাইরে থাকেন। তার সঙ্গে আলোচনা করে আমরা ডিসিশন নেবো।’
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, আমরা সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করছি। এ ঘটনায় ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ করেছেন। তিনি মামলা করতে চাইলে মামলা নেওয়া হবে।
এর আগে পর্বতারোহী শায়লা বিথীর ওপর হামলা ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন তার স্বামী তৈমুর ফারুর তুষার।
পোস্ট তিনি বলেন, ‘পর্বতারোহী শায়লা বিথী ধানমন্ডি ২৭ নম্বর সড়কের ওভারব্রিজ পার হচ্ছিলো। পেছন থেকে হামলাকারীরা এসে চুলের মুঠি ধরে বেধড়ক পেটানো শুরু করে। হামলায় তার ঠোঁট ফেটে গেছে। সারা শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন। কারা কী উদ্দেশ্যে এ হামলা করেছে, তা পুলিশকে বের করতে হবে। দুপুর ২টার পর দিনের আলোতে এ হামলার দৃশ্য নিশ্চয়ই সিসিটিভিতে রেকর্ড আছে। ফলে অপরাধীদের শনাক্ত করা কঠিন হওয়ার কথা না। শায়লা বিথী অভিযোগ জানাতে মোহাম্মদপুর থানায় গেছে।’
এ বিষয়ে নারী অধিকারকর্মী খুশি কবীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘যারা দায়িত্ব নিয়েছে, এক মাস হয়ে গেছে। এখনও যদি ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলে নেওয়া না যায়, সেটা শঙ্কার। এভাবে তো চলতে পারে না। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিতে এক দিনও সময় দেওয়া যায় না। কারণ এটা মানুষের জীবনের সঙ্গে সম্পৃক্ত।’
এসএ/