ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২৭



কুমিল্লায় লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২৭

কুমিল্লায় লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে ভোট কেনার অভিযোগে ২ লাখ টাকাসহ জামায়াত নেতা মাওলানা হাবিবুর রহমান হেলালী আটক হয়েছেন। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।

কুমিল্লার মুরাদনগরে ভোট কেনার অভিযোগে টাকাসহ জামায়াত নেতা মাওলানা হাবিবুর রহমান হেলালীকে আটক করে প্রশাসনের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। আজ বুধবার সকালে মুরাদনগরের ছালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামত কান্দি এলাকায় তিনি ভোট কিনতে গিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় ওই জামায়াত নেতার কাছে ২ লাখ টাকা ছিল বলে দাবি স্থানীয়দের।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুর রহমান জানান, স্থানীয় লোকজন জামায়াত নেতাকে আটক করে প্রশাসনকে খবর দিলে নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট (সহকারী কমিশনার ভুমি) তাকে থানা হেফাজতে নেওয়ার নির্দেশ দেন। যেহেতু নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে উপস্থিত হয়ে আটক করেনি। তাই এ বিষয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করা হবে।

মুরাদনগর পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল বলেন, ‘বিষয়টি প্রশাসনের নির্দেশনা মতে ব্যবস্থা নেওয়া হবে। আটক জামায়াত নেতা মাওলানা হাবিবুর রহমান হেলালী এই মুহুর্তে পুলিশ হেফাজতে আছেন।’

এদিকে কুমিল্লা-১১ চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়নে আবদুল মান্নান ও ফকির মেম্বার নামে দুই বিএনপি নেতার বিরুদ্ধে ভোটার স্লিপের সাথে টাকা বিলি করার অভিযোগ উঠেছে। এনিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বেশ সমালোচনার সৃষ্টি হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. নুরুল আমিন বলেন, ‘ঘটনা শুনে আমরা সেখানে পুলিশ পাঠিয়েছি। তারা তাদেরকে না পেলেও বিষয়টি ইলেকটোরাল ইনকোয়ারি কমিটিকে জানানো হয়েছে, তারা বিষয়টি নিয়ে ব্যবস্থা নেবেন।’

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বলেন, ‘বিষয়টি মীমাংসার মধ্যমে শেষ হয়ে যাওয়ার প্রক্রিয়া হচ্ছিল, তবে জানার পর আমি সহকারী রিটার্নিং কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলেছি। আমরা একটি অভিযোগ দিতে বলেছি এবং সেখানে নিয়োজিত জুডিশিয়াল ম্যাজিষ্ট্র্যাটগণ অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেবেন।’

/এসবি