নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


৩১ জানুয়ারি ২০২৩ ০৫:৪০



এক টাকায় রোগী দেখেন ডাক্তার সুমাইয়া (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

৩১ জানুয়ারি ২০২৩ ০৫:৪০


ছবি: বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

ডাক্তারের কাছে যাওয়ার আগে অনেকেরই মাথায় আসে ভিজিটের টাকার কথা। ডাক্তার দেখাতে গেলেই বেশির ভাগ সময় গুনতে হয় অন্তত হাজার টাকা। এ টাকা দেওয়ার সামর্থ্য অনেকেরই থাকে না। এ ধরনের সামর্থ্যহীন বা সীমিত সামর্থ্যের মানুষদের জন্য ব্যতিক্রমী এক সেবার দরজা খুলেছেন ডা. সুমাইয়া বিনতে মোজাম্মেল। তিনি মাত্র এক টাকা ফি নিয়ে রাজশাহীতে নিজেরে চেম্বারে রোগীদের চিকিৎসা দিচ্ছেন।

সুমাইয়ার বাবা লিফলেট ছাপিয়ে তার মেয়ের এক টাকায় রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার বিষয়টি রাজশাহী মহানগরের বিভিন্ন এলাকায় প্রচার করেছেন। বিষয়টি নগরীতে বেশ সাড়া ফেলেছে। এরই মধ্যে শুরু হয়েছে রোগীদের চাপ। তার এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ।

সুমাইয়া ২০২০ সালে রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করেন। চলতি বছরের ৮ জানুয়ারি থেকে রাজশাহী মহানগরীর সাহেব বাজার মনিচত্বর এলাকায় তার বাবার ব্যবসায়ী প্রতিষ্ঠানের পাশেই একটি ছোট ওষুধের দোকানে চিকিৎসা সেবা দিচ্ছেন তিনি। সুমাইয়ার টেবিলের একপাশে রাখা আছে ছোট একটি মাটির ব্যাংক। সেই ব্যাংকেই চিকিৎসা শেষে রোগীরা ১ টাকা ফি দিয়ে যাচ্ছেন। প্রতি সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত রোগী দেখছেন সুমাইয়া।   

চিকিৎসা নিতে আসা রোগীরা বলছেন, অনেক সময় বেশি টাকা দিয়েও ডাক্তারের কাছে ভালোভাবে সেবা পাওয়া যায় না। সেখানে সুমাইয়া মাত্র এক টাকা নিলেও তিনি সময় নিয়ে সুন্দরভাবে রোগী দেখেছেন। সুমাইয়ার কাছ থেকে সেবা ও ব্যবহার দুটোই খুব ভালোভাবেই পাচ্ছেন বলে জানান রোগীরা।

এদিকে প্রথম দিকে তেমন রোগী আসতো না জানিয়ে সুমাইয়া বলেন, এজন্য পোস্টার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাতেন তিনি। তার এই প্রচারণার পরই অনেক বেশি রোগী আসা শুরু করেছে। মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য তার একটি চ্যারিটি ফান্ডও আছে। রোগীদের কাছে থেকে নেয়া এক টাকা জমিয়ে সেখানেই জমা করা হবে। তার এ উদ্যোগ সাধারণ মানুষ খুব ভালোভাবেই গ্রহণ করেছে বলেও জানান এ চিকিৎসক।

এভাবেই বাকি জীবন মানুষের সেবা করে যেতে চান বলেও ইচ্ছে প্রকাশ করেন সুমাইয়া। তিনি এখন একটি প্রাইভেট ক্লিনিকে চাকরির পাশাপাশি বিসিএস-এর প্রস্তুতিও নিচ্ছেন বলে জানান। একইসঙ্গে তার আরও দুইবোন চিকিৎসা সেবায় কাজ শুরু করবেন বলেও জানান ওই চিকিৎসক।