নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৭ মে ২০২২ ১২:২০
প্রতীকী ছবি
দেশের আট বিভাগীয় শহরে অনুষ্ঠিত হলো ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি
পরীক্ষা। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের
বিভিন্ন কেন্দ্রে শুক্রবার সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়। চলে দুপুর ১২টা
পর্যন্ত।
এবার ২৫টি ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।
চাকরীপ্রত্যাশীর সংখ্যা তিন লাখ ৫০ হাজার ৭১৬ জন। অর্থাৎ, একেকটি পদের জন্য ২০৫ জন
লড়াই করছেন।
এমসিকিউ পরীক্ষায় ২০০ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হয়েছে। এর মধ্যে
বাংলা ভাষা ও সাহিত্যে ৩৫ নম্বর, ইংরেজি ভাষা ও সাহিত্যে ৩৫, বাংলাদেশ বিষয়াবলিতে
৩০, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০, ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) এবং পরিবেশ ও দুর্যোগ
ব্যবস্থাপনায় ১০, সাধারণ বিজ্ঞানে ১৫, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিতে ১৫, গাণিতিক
যুক্তিতে ১৫, মানসিক দক্ষতায় ১৫ এবং নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বিষয়ে ১০ নম্বরের
প্রশ্ন ছিল। প্রতিটি সঠিক উত্তরের জন্য মিলবে ১ নম্বর। আর ভুল উত্তরের জন্য দশমিক
৫০ নম্বর কাটা যাবে।
এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে সকাল সাড়ে ৮টা থেকে ৯টা ২৫ মিনিটের
মধ্যে পরীক্ষার্থীদের নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছিল। আগেই
জানানো হয়েছিল, মাস্ক ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া
হবে না।
নির্দেশনায় আরও বলা ছিল, পরীক্ষার্থীরা শুধু প্রবেশপত্র, জাতীয়
পরিচয়পত্র ও কালো কালির বল পয়েন্ট কলম নিয়ে কেন্দ্রে যেতে পারবেন। উত্তরপত্রে
তাদের নিজ জেলা ও রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। রেজিস্ট্রেশন নম্বরের সংশ্লিষ্ট
বৃত্তগুলো কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে পূরণ করতে হবে। আর অবশ্যই সই করতে হবে
হাজিরা তালিকায়।
কেএ/