ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০৩ জুন ২০২৩ ০২:০০



বাজেট তৈরি করে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০৩ জুন ২০২৩ ০২:০০


ছবি : সংগৃহীত

বাজেট পরিকল্পনা যেকোনো দেশ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, এটি দেশ ও কম্পানির ভবিষ্যতের আয়, ব্যয় ও রাজস্ব পরিকল্পনা করতে সহায়তা করে। বর্তমানে বাজেট পরিকল্পনার পদ্ধতিগুলো সময়সাপেক্ষ। অনেক ক্ষেত্রে ত্রুটিপূর্ণও। এ কারণে বিশ্বে অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের বাজেট পরিকল্পনার ক্ষমতা উন্নত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দিকে ঝুঁকছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এআই ভবিষ্যতের বাজেট পরিকল্পনার প্রক্রিয়া স্বয়ংক্রিয় ও উন্নত করতে সাহায্য করতে পারে।

এআই মূলত বাজেটের বিভিন্ন পরিস্থিতির ওপর ভিত্তি করে ভবিষ্যতের বাজেট পরিকল্পনা তৈরিতে উন্নত অ্যালগরিদম ও ডেটা বা তথ্যের বিশ্লেষণ কৌশলগুলোর ব্যবহার করে থাকে। এআই বাজারের অতীত ডেটা, বর্তমান অবস্থা ও বাহ্যিক প্রভাবগুলোকে আরও সঠিক এবং বাস্তবসম্মত করে ভবিষ্যতের বাজেট পরিকল্পনা তৈরি করার সক্ষমতা রাখে। সেই সঙ্গে বাজারের সম্ভাব্য ঝুঁকি ও সুযোগগুলোকে সনাক্ত করতে পারে। এদিকে প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, এআই যদি একটি প্রতিষ্ঠানের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে সেটার বার্ষিক বাজেট তৈরি করতে পারে, তাহলে রাষ্ট্রীয় পর্যায়ে বাজেট তৈরিতে এআই মুখ্য ভূমিকা পালন করতে পারবে।

সম্প্রতি যুক্তরাষ্টের বহুজাতিক আর্থিক ও ব্যবসায়িক সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরেই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এআই ব্যবহার করে ৪৪৭ বিলিয়ন ডলার পর্যন্ত মুদ্রার অপচয় রোধ করতে পারবে। বিশেষ করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঝুঁকি নিরূপণ, ঝুঁকি প্রশমন ব্যবস্থা, অর্থনৈতিক পরামর্শ প্রদান, সাইবার আক্রমণ প্রশমন, প্রতিবেদন তৈরি ও টাকার অপচয় রোধে এআইকে মাধ্যম হিসেবে বেছে নিচ্ছে। এ ছাড়া ফোর্বসের প্রতিবেদন মতে, যুক্তরাষ্ট্রের ৫৪ শতাংশ আর্থিক প্রতিষ্ঠান ও ৫ হাজার কর্মকর্তা নির্ভুল কাজের নিশ্চয়তা পেতে বর্তমানে এআইয়ের ওপর নির্ভরশীল।

তবে ভবিষ্যতের বাজেট পরিকল্পনা উপস্থাপনের জন্য এআইয়েরও কিছু সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ রয়েছে। যেমন সঠিক বাজেট পরিকল্পনা তৈরি করার জন্য ডেটা অবশ্যই উচ্চ মানের ও প্রাসঙ্গিক হতে হবে এবং ডেটা বা তথ্য বৈচিত্র্যময় ও আপডেট করতে হবে। বিশেষ করে নৈতিক ও আইনি কাঠামোর ক্ষেত্রে অবশ্যই প্রতিষ্ঠিত রীতি অনুসরণ করতে হবে। আর ভবিষ্যতের বাজেট পরিকল্পনা নিশ্চিত করতে এআইকে নিরীক্ষিত ও নিয়ন্ত্রিত হতে হবে।

জেডএস/