ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৫ জুন ২০২৩ ০৮:১০
ছবি : সংগৃহীত
ইউক্রেনের
পাল্টা আক্রমণের ঘোষণার মধ্যেই দেশটির ২৫০ জন সেনাকে হত্যার দাবি করেছে রাশিয়া। পাশাপাশি
কিয়েভের হামলা ব্যর্থ করে তাদের ১৬টি ট্যাংক ও ২১টি সাঁজোয়া যুদ্ধ যান, রুশ বাহিনী
ধ্বংস করেছে, বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে ইউক্রেনের
বড় ধরনের একটি আক্রমণ নস্যাৎ করে দেওয়ার দাবি করেছে মস্কো।
রাশিয়ার
প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেন রোববার দোনেৎস্ক অঞ্চলে ছয়টি যান্ত্রিক এবং
দুটি ট্যাংক ব্যাটালিয়ন ব্যবহার করে আক্রমণ শুরু করেছিল। হামলায় ইউক্রেনীয়রা রাশিয়ান
প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার চেষ্টা করেছিল। কিন্তু শত্রুরা তার লক্ষ্য অর্জন করতে
পারেনি, তারা কোনো দিক থেকেই সফল হয়নি বলে দাবি মস্কোর। প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে,
আকাশ থেকে সামরিক গাড়িতে হামলা হচ্ছে।
২০২২ সালের
ফেব্রুয়ারিতে রাশিয়ার ‘সামরিক অভিযান’ শুরু হওয়ার পর থেকে ইউক্রেইনের যে অঞ্চলগুলো
মস্কোর নিয়ন্ত্রণে চলে গেছে সেগুলো পুনরুদ্ধারে কিইভ কয়েকমাস ধরে এ পাল্টা আক্রমণের
প্রতিশ্রুতি দিয়ে আসছিল। গত শনিবার এক সাক্ষাতকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ বার্তা
আবারও দেন। বলেন, রুশ সেনাদের হটিয়ে পুনরায় নিজেদের অঞ্চলগুলো দখলে পাল্টা আক্রমণ চালাতে
ইউক্রেন প্রস্তুত। ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, হামলার পরিকল্পনাগুলো নিয়ে
নীরব থাকাই ভালো।
এদিকে, ইউক্রেনের
সীমান্তবর্তী বেলগোরোদে হামলার মধ্য দিয়ে রাশিয়ান অঞ্চলের বাসিন্দারা যুদ্ধের ভয়াবহতা
বুঝতে শুরু করেছেন। মে মাসের শেষ পাঁচ দিনে বেলগোরোদের একটি স্কুলের ইংরেজি শিক্ষক
রুসলান সেখানে প্রথমবারের মতো একাধিক রকেট লঞ্চার হামলার শব্দ শুনতে পান। তিনি বলেন,
সবকিছু পরিবর্তন হয়ে গেছে। এক শিশু আহত হয়েছে বলে জানান তিনি। বেলগোরোদে ইউক্রেনীয়
বাহিনীর গোলাবর্ষণে আরও দু’জন নিহত হয়েছেন। অন্যদিকে দিনিপ্রোতে রুশ হামলায় ২০ জন আহত
হয়েছেন। হামলায় সেখানে আরও অনেকে আটকা পড়েছেন বলে মনে করা হচ্ছে।
জেডএস/