ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০৩ জুলাই ২০২৩ ১০:০৩



সাগরে ভাসতে প্রস্তুত ‘আইকন অব দ্য সিজ’

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০৩ জুলাই ২০২৩ ১০:০৩


‘আইকন অব দ্য সিস’ বিশ্বের বৃহত্তম ক্রুজ জাহাজ। ফিনল্যান্ডের শিপইয়ার্ডে নির্মাণ শেষে সাগরে ভাসার জন্য প্রস্তুত এই জাহাজ। সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালের জানুয়ারিতে ক্যারিবিয়ান জলে যাত্রা করবে প্রমোদতরীটি। এতে যাত্রী থাকবেন, ৫ হাজার ৬১০ জন। আর ২ হাজার ৩৫০ জন ক্রু থাকবেন। চলতি বছরের অক্টোবরেই হবে জাহাজটির পরীক্ষমূলক যাত্রা। এর পরপরই চূড়ান্ত হবে সবকিছু। জান্নাতুল ফেরদৌসের প্রতিবেদনে বিস্তারিত।

পানিতে ভাসবে একটি জাহাজ। সেই জাহাজে বিশ্বের সবচেয়ে বড় ওয়াটারপার্ক ও ছয়টি রেকর্ড-ব্রেকিং ওয়াটার স্লাইড। রয়েছে সাতটি পুল ও নয়টি জলের ঘূর্ণি। প্রমোদতরী লম্বা ১ হাজার ২০০ ফুট এবং ওজন ২ লাখ ৫০ হাজার ৮০০ টন। বলছি, রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনালের ‘আইকন অব দ্য সিস’ নামের বিশ্বের বৃহত্তম ক্রুজ জাহাজের কথা। ইউরোপের শীর্ষস্থানীয় জাহাজ নির্মাতা মায়ার তুর্কু শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে আইকন অব দ্য সিস। আগামী ২৬ অক্টোবর রয়্যাল ক্যারিবিয়ানের বহরে যোগ দেবে জাহাজটি। আর আগামী জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের মিয়ামি থেকে পূর্ব ও পশ্চিম ক্যারিবিয়ানের গন্তব্যে ছুটবে। সাতদিনের এই ট্রিপ সারা বছর চালু থাকবে।

আইকন অব দ্য সিস গত ২২ জুন সমুদ্রে প্রথম দফা পরীক্ষা সম্পন্ন করেছে। এ সময় শত শত মাইল পরিভ্রমণ করেছে। পরীক্ষা করা হয়েছে প্রধান ইঞ্জিন, ব্রেক সিস্টেম, স্টিয়ারিং, শব্দ ও কম্পনের মাত্রা। মায়ার তুর্কু শিপইয়ার্ডের সিইও টিম মেয়ার এক বিবৃতিতে জানান, জাহাজটির পেছনে অনেক অর্থ, সময় ও প্রকৌশল দক্ষতা ব্যয় করা হয়েছে। এই প্রমোদতরীতে পর্যটকদের প্রয়োজনীয় সবকিছুই আছে। বিভিন্ন ধরনের ওয়াটার স্পোর্টসের ব্যবস্থা, নিজস্ব রান্নাঘর, সাজানো কেবিন রয়েছে। বিশ্বের প্রথম এলএনজি চালিত শিপটিতে ব্যবহার হয়েছে সর্বাধুনিক প্রযুক্তি।

জাহাজটিতে খাবার, পানশালা ও বিনোদনের ৪০ রকমের রসদ রয়েছে। যার বেশিরভাগ ক্রুজ ভাড়ায় অন্তর্ভুক্ত। এমনকি পিয়ানো বারের মতো শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের সময় কাটানোর জন্য বিশেষ জায়গা রাখা হয়েছে। জাহাজ নির্মাতাদের দাবি, এখানে একজন ভ্রমণার্থী নিজের বাড়ির মতোই সব রকমের সুবিধা পাবেন।

এই জাহাজে সাত রাতের ক্যারিবিয়ান ট্রিপের জন্য জনপ্রতি টিকিটের সর্বনিম্ন মূল্য শুরু হবে ৭৩১ ডলার বা ৭৮ হাজার ৫৭০ টাকার কমবেশি। ক্রিসমাসের সময় জাহাজের ফ্যামিলি টাউন হাউস সুইটে থাকলে গুনতে হবে ৮৫ হাজার ডলার বা ৯১ লাখ টাকার একটু বেশি।

জেডএস/