ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৪ জুলাই ২০২৩ ০৯:০৭
বছরের প্রথম
সুপারমুনের দেখা মিললো রাতের আকাশে। সোমবার রাতের আকাশে উদীয়মান হয় চলতি বছরের প্রথম
ও উজ্জ্বলতম সুপারমুন। নাসা জানিয়েছে, প্রায় তিনদিন পর্যন্ত দেখা যাবে 'বাক মুন' হিসেবে
পরিচিত এই সুপারমুন। অন্যান্য পূর্ণিমার চাঁদের চেয়ে ৭ শতাংশ বড় দেখায় এ সুপারমুনকে।
চাঁদের কক্ষপথ
গোলাকার নয়, বরং পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণের কারণে এ কক্ষপথ কিছুটা ডিম্বাকৃতির। ফলে
পৃথিবীকে প্রদক্ষিণের সময় চাঁদ কখনো পৃথিবীর কাছে চলে আসে, কখনো দূরে চলে যায়। একটি
পূর্ণ চাঁদ যখন পৃথিবীর কাছে চলে আসে, তখন সে মহাজাগতিক দৃশ্যকেই সুপারমুন বলা হয়।
সুপারমুনগুলো সাধারণ পূর্ণিমার চাঁদের চেয়ে প্রায় ৭ শতাংশ বড় এবং প্রায় ১৫ শতাংশ
বেশি উজ্জ্বল দেখায়। জুলাইয়ের সুপারমুনের 'বাক মুন' নামটি এসেছে নেটিভ আমেরিকান উপজাতির
ঐতিহ্য থেকে।
রয়্যাল অবজারভেটরি
মতে, বিশেষ প্রজাতির পুরুষ হরিণের নামে এই বাক মুনের নামকরণ। এ প্রজাতির হরিণ সাধারণত
জুলাই মাসে তাদের বংশ-বৃদ্ধির প্রাথমিক পর্যায়ে পৌঁছায়। নেটিভ আমেরিকান উপজাতিরা
জীবিকা নির্বাহের জন্য শিকারের উপর নির্ভরশীল ছিলো। 'বাক মুন' নাম দিয়ে তারা শিকারের
মৌসুমকে নির্দেশ করতো বলে ধারণা করা হয়।
যদিও বছরে
১২টি পূর্ণিমা দেখা যায়। তবে এ বছর পূর্ণিমা হবে ১৩টি। আগামী আগস্টের ১ ও ৩০ তারিখে
সুপারমুন দেখা যাবে। ৩০ আগস্ট দৃশ্যমান হবে 'ব্লু মুন'। চাঁদ এসময় পৃথিবীর সবচেয়ে
কাছে থাকবে। বছরের চতুর্থ ও শেষ সুপারমুন দেখা যাবে ২৯ সেপ্টেম্বর।
জেডএস/