ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০৫ জুলাই ২০২৩ ০৭:২৮



নভোচারীরা মহাকাশে যা খায়, যেভাবে খায়

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০৫ জুলাই ২০২৩ ০৭:২৮


মহাকাশ নিয়ে মানুষের কৌতুহলের অন্ত নেই। সভ্যতার শুরু থেকে এখন পর্যন্ত মানুষ গ্রহ, নক্ষত্র, সৌরজগত, ছায়াপথ নিয়ে গবেষণা করে আসছে। আধুনিক প্রযুক্তির যুগে এ গবেষণা অন্যরকম গতি ও রূপ লাভ করেছে। প্রতিবছরই বিশ্বের উন্নত দেশগুলো মহাকাশে তাদের নতুন অভিযান বা মিশন শুরু করে। আর সেই মিশনে গিয়ে নভোচারীরা কী খায়, কীভাবে খায় এ নিয়ে কৌতুহল থাকাটাই স্বাভাবিক। বেঙ্গল নিউজ২৪ এর আজকের প্রতিবেদন থেকে জেনে নিন বিস্তারিত।

পৃথিবীতে মানুষ যেভাবে হাতে ধরে খাবার খায়, মহাকাশে নভোচারীরা সেভাবে খেতে পারেন না। শূন্য মাধ্যাকর্ষণের কারণে মহাকাশে খাওয়া বেশ কঠিন ব্যাপার। সেখানে নভোচারীরা যেসব খাবার খায়, তা খুবই প্রক্রিয়াজাত। সেখানে ওজন কমানোর জন্য খাবার থেকে সব পানি শুষে বের করে নেওয়া হয়। এরপর নভোচারীরা খাবার আগে তাদের ইচ্ছা অনুযায়ী তাতে গরম বা ঠাণ্ডা পানি মিশিয়ে নরম করে নেয়।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কোন থালা বাটি ব্যবহার করা যায় না, কারণ সেখানে সবই শূন্যে ভেসে বেড়ায়। সব খাবার প্যাকেট করা থাকে, নভোচারীদের সেই প্যাকেট থালা হিসাবে ব্যবহার করতে হয় আর খাওয়ার জন্য তাদের দেয়া হয় বিশেষ চামচ। সেই চামচে হাতল থাকে খুব লম্বা। লম্বা হাতল দিয়ে প্যাকেটের ভেতর থেকে ভাত টেনে বের করে কারির ওপর রাখতে হয়। তবে তার জন্য বেশ কসরৎ করতে হয়।

মহাকাশে নিজের শরীরকে আর্দ্র রাখা খুবই জরুরি। কিন্তু মহাকাশে পানি আসবে কোথা থেকে? নভোচারীরা পৃথিবী থেকে অবশ্যই কিছু পানি সঙ্গে নিয়ে যান। আর বাকিটা আসে পুনর্ব্যবহারযোগ্য করে তোলা পানি থেকে। মহাকাশযানের জ্বালানি কক্ষ থেকে, বাতাসের আর্দ্রতা থেকে এমনকি প্রস্রাব থেকেও পুনরায় ব্যবহারযোগ্য পানি তৈরি করা হয়। শুনলে হয়ত নাক সিঁটকাতে ইচ্ছা হবে, কিন্তু নাসা দাবি করছে এই রিসাইকেল করা পানি, পৃথিবীর খাওয়ার পানি থেকেও অনেক পরিষ্কার।

মহাকাশে অন্য বড় স্বাস্থ্য সমস্যা হতে পারে হাড়ের ক্ষয়জনিত। ফলে শরীর সুস্থ রাখার জন্য নভোচারীদের সঠিক পরিমাণে পুষ্টিকর উপাদান, শর্করা, প্রোটিন, ভিটামিন এবং খনিজ খাওয়া খুবই জরুরি। এতে শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যও ভাল থাকে।

পৃথিবীতে খাবার খেলে সেটা পেটে যেভাবে স্থায়ী হয়, অর্থাৎ পেট ভরার যে অনুভূতিটা হয়, মহাকাশে সেটা হয় না। তারা বুঝতে পারে না কতটা খেয়েছেন বা পেট কতটা ভরেছে। তাই নভোচারীদের আইপ্যাড অ্যাপ দেয়া হয় যাতে তারা কী খাচ্ছে, কী পরিমাণ খাচ্ছে তার হিসাব রাখতে পারে।

জেডএস/