ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৫ জুলাই ২০২৩ ০৪:০৬
সূর্যে নাকি
ঝড় উঠেছে। বিজ্ঞানীদের হিসেব বলছে, এ ঝড়ের তীব্রতা আগামী দু’বছরে আরও বাড়বে। কারণ
সৌরচক্রের সবচেয়ে কঠিন সময়টি আসতে চলেছে। ২০২৫ সালে ‘সোলার ম্যাক্সিমাম’ পর্বে পা রাখবে
সূর্য। ১১ বছরের সৌরচক্রের এই সময়টিতে সবচেয়ে বেশি সক্রিয় হয়ে ওঠে সূর্যপৃষ্ঠ। ২০২৪
সাল থেকেই ঝড়ের প্রকোপ টের পাওয়া যাবে।
বিজ্ঞানীদের
আশঙ্কা, ঝড়ের দাপটে ভাল মতো ভুগতে হবে সৌরপরিবারের অধিবাসী পৃথিবীকে। সম্পূর্ণ ভেঙে
পড়তে পারে ডিজিটাল-দুনিয়া ও তার আধুনিক যোগাযোগ ব্যবস্থা! ইন্টারনেট ছাড়া এখন অচল
এই পৃথিবী। মহাকাশ বিশেষজ্ঞরা বলছেন, সৌরঝড়ের তাণ্ডবে সম্পূর্ণ অকেজো হয়ে পড়তে পারে
ইন্টারনেট পরিষেবা।
আরও চিন্তার
বিষয়, আসন্ন বিপদের জন্য কেউ তৈরি নয়। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ‘ইন্টারনেট
অ্যাপোক্যালিপস’ শব্দটি। ভুয়ো খবর যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য নেটবাসীকে সতর্ক করেছে
আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তবে ২০২৫ সালে সৌরঝড়ের তাণ্ডবে সত্যিই ইন্টারনেট
ব্যবস্থা ভেঙে পড়বে কি না তা নিয়ে মন্তব্য করেনি নাসা। বরং ‘গুজব’ আটকানোয় জোর দিয়েছে
সংস্থাটি।
পুরো পৃথিবী
এখন নেট-নির্ভর। প্রতিদিন কোটি-কোটি টাকার লেনদেন চলছে বিশ্ব জুড়ে। সাধারণ মানুষের
প্রশ্ন, বিষয়টা কি সত্যি, নাকি পুরোটাই ‘হাইপ’। এই বিষয়ে আমেরিকার সংবাদমাধ্যমগুলোতে
লেখা হয়েছে, ‘পুরোটা কাল্পনিক নয়। সত্যিই একটি প্রকাণ্ড শক্তিশালী সৌরঝড় আসতে চলেছে।
তাতে ইন্টারনেট ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হবে।
এ প্রসঙ্গে
ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের অধ্যাপিকা সঙ্গীতা জ্যোতি জানান,
সাম্প্রতিক কালে প্রকাণ্ড সৌরঝড় মানুষ দেখেনি। ফলে মানুষের জানা নেই পরিকাঠামোয় ঠিক
কী প্রভাব পড়বে। তবে তার প্রকাশিত রিপোর্ট ‘সোলার সুপারস্টর্ম: প্ল্যানিং ফর অ্যান
ইন্টারনেট অ্যাপোক্যালিপস’ এ জ্যোতির বক্তব্য ছিল, ঝড়ের তাণ্ডবে যোগাযোগ ব্যবস্থা
বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। কয়েক মাস ধরে চলতে পারে এই ‘বিপর্যয়’।
জেডএস/