ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১১ সেপ্টেম্বর ২০২৩ ০৩:৩৭
ছবিঃ সংগৃহীত
আলোচিত সাংবাদিক
দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ১০১
বারের মতো পেছানো হয়েছে। নতুন করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ অক্টোবর দিন
ধার্য করেছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন
প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।
সোমবার (১১ সেপ্টেম্বর) আলোচিত
এই মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলাটির তদন্ত সংস্থা
র্যাব প্রতিবেদন দাখিল করেননি। ফলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম প্রতিবেদন
দাখিলের জন্য আগামী ১৫ অক্টোবর তারিখ ধার্য করেন।
আদালত শেষে
শেরেবাংলা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা আলমগীর গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
২০১২ সালের
১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের
বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। পরের দিন
ভোরে তাদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায়
রুনির ভাই বাদী হয়ে আদালতে একটি মামলা করেন। মামলার পর রুনির কথিত বন্ধু তানভীর রহমানসহ
মোট আটজনকে আটক করা হয়। বাকিরা হলেন—রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা
মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল, তানভীর, আবু সাঈদ ও
বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির। এর মধ্যে মধ্যে পলাশ রুদ্র পাল
ও তানভীর রহমান জামিনে রয়েছেন।
এ মামলার
প্রথম তদন্ত কর্মকর্তা ছিলেন শেরে বাংলা নগর থানার এক উপপরিদর্শক (এসআই)। চারদিন পর
চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর
করা হয়।
পরে দুই
মাসেরও বেশি সময় তদন্ত করে রহস্য উদঘাটনে ব্যর্থ হয় ডিবি। হাইকোর্টের নির্দেশে একই
বছরের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র্যাবের কাছে হস্তান্তর করা হয়।/ এসবি