ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০৪ সেপ্টেম্বর ২০২৩ ০৭:২০



দেশে আরও দুটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০৪ সেপ্টেম্বর ২০২৩ ০৭:২০

দেশে আরও দুটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে

ছবি: সংগৃহীত

দেশে আরও দুটি বিশ্ববিদ্যালয় করতে যাচ্ছে সরকার। এর মধ্যে নারায়ণগঞ্জে হচ্ছে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ এবং সাতক্ষীরায় হচ্ছে ‘সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’।

সোমবার (৪ সেপ্টেম্বর) এই দুটি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য পৃথক দুটি আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক সম্পর্কে বিকেলে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

দেশে বর্তমানে ৫৪টি সরকারি বিশ্ববিদ্যালয় আছে। এর মধ্যে কিছুদিন আগে আরেকটি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। আর আজ দুটি বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত হলো। এখন নতুন তিনটি বিশ্ববিদ্যালয় হলে দেশে মোট সরকারি বিশ্ববিদ্যালয় হবে ৫৭টি। এছাড়াও দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে ১১৩টি।

মন্ত্রিপরিষদ সচিব জানান, আজকের মন্ত্রিসভার বৈঠকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক (চাকরি শর্তাদি নির্ধারণ) বিধিমালা ২০১৩ সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর মাধ্যমে ২০১৩ সালে জাতীয়করণ (সরকারি) করা বিশ্ববিদ্যালয়গুলোর ২৬ হাজার ১৯৩ শিক্ষকদের যোগ্যতা অর্জনের শর্ত পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন সময় অনুযায়ী ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত শর্ত পূরণের সুযোগ পাবেন ওই সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।

এছাড়া জাতীয় শিক্ষক দিবসের পরিবর্তে প্রতি বছর ৫ অক্টোবর ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। দিবসটি মন্ত্রিপরিষদ বিভাগের দিবস উদ্‌যাপন–সংক্রান্ত পরিপত্রের ‌‘খ’ তালিকাভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি আইন, ২০১৩–এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এসএ/