ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২২ জানুয়ারি ২০২৪ ০৮:৫০



শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের দুঃসংবাদ

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২২ জানুয়ারি ২০২৪ ০৮:৫০

শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের দুঃসংবাদ

ছবিঃ সংগৃহীত

চলতি মাসের শুরু থেকেই ঘন কুয়াশা আর হাড় কাপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। তবে, গত কয়েকদিন কুয়াশার ঘনত্ব কমে আসার পাশাপাশি সূর্যের দেখা মিলায় শীতের তীব্রতা কম ছিল। এতে কিছুটা স্বস্তি মিললেও ফের দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদরা বলছেন, সন্ধ্যার পর থেকে কুয়াশার দাপট এবং ঠান্ডা বাতাসে শীতের তীব্রতা বাড়াচ্ছে। গত দুই দিন দেশের অধিকাংশ জায়গায় ভোরে ও রাতে শীত বেশি অনুভূত হচ্ছে। এর মধ্যে কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং অন্তত ১১টি জেলার তাপমাত্রা শৈত্যপ্রবাহের কাছাকাছি ছিল।

আবহাওয়া অধিদপ্তররের তথ্যমতে, বর্তমানে দেশের কিশোরগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড় ও কুঁড়িগ্রাম জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। একইসঙ্গে তা আরও বিস্তার লাভ করতে পারে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, চলতি মাসের বাকি সময়ে দেশের কোনো না কোনো এলাকায় শৈত্যপ্রবাহ থাকবে। হয়তো কোনো অঞ্চলে নতুন করে শৈত্যপ্রবাহ দেখা দেবে, আবার কোনো অঞ্চল থেকে শৈত্যপ্রবাহ সরে যাবে-এভাবেই চলবে।

নিয়ম অনুযায়ী, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নামলে মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে অতি তীব্র শৈত্যপ্রবাহ হয়।

/এসবি