ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২১ জানুয়ারি ২০২৪ ০১:০৭
ছবি: সংগৃহীত
ঘোরাঘুরি ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশের ভিসা
আবেদন এবং চিকিৎসার জন্য ভারতে যেতে হয় বাংলাদেশের অনেক মানুষকে। এবার ভারত ভ্রমণে
নতুন চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ সরকার, যাতে পর্যটকদের জন্য যোগ হয়ে পারে বাড়তি কিছু
সুবিধা। সেরকমই ইঙ্গিত দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয় সূত্র বলছে, নতুন এই চুক্তিকে
সামনে রেখে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বেশ কিছু সুযোগ-সুবিধা যুক্ত করে নতুন প্রস্তাব
করা হবে। যার মধ্যে থাকবে, যেকোনো চেকপোস্ট দিয়ে যাওয়া-আসার সুবিধা। আর মেডিকেল ভিসায়
বহু ভ্রমণ সুবিধা ও প্রয়োজনে হাসপাতাল পরিবর্তনের সুবিধাসহ একাধিক প্রস্তাব থাকবে।
আর কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টের ক্ষেত্রে
বিনা ভিসায় অবস্থানের মেয়াদ ৪৫ দিনের পরিবর্তে ৯০ দিন করার প্রস্তাব করবে বাংলাদেশ।
অন্যদিকে স্বল্পমেয়াদি ডাবল এন্ট্রি ভিসার মেয়াদ তিন মাস থেকে বাড়িয়ে ছয় মাস করার প্রস্তাবও
করা হবে।
সম্প্রতি দুই দেশের মধ্যে রিভার ক্রুজ চালু
হওয়ার পর স্থল, আকাশ ও সমুদ্রপথের পাশাপাশি এবারের চুক্তিতে রুট হিসেবে নদীপথ যুক্ত
করার প্রস্তাব করা হবে।
প্রস্তাবটি চূড়ান্ত হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের
মাধ্যমে ভারতীয় পক্ষের মতামতের জন্য পাঠানো হবে। উভয় পক্ষের মতামতের পরে চুক্তিটি নবায়ন
করা হবে। তবে লং-টার্ম মাল্টিপল এন্ট্রি ভিসা ও লং-টার্ম এমপ্লয়মেন্ট ভিসার ক্ষেত্রে
কোনো পরিবর্তন আনা হচ্ছে না।
এসএএল/